অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল আছে এবং তিনি সজ্ঞানে আছেন। চিকিৎসকদের দেওয়া নির্দেশনাও তিনি বুঝতে পারছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপি নেতারা।
বিজ্ঞাপন
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন— সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
ডা. তাসনিম জারা বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যার আওতায় চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থায় জটিলতা রয়েছে, তবে তিনি স্থিতিশীল। তিনি সজ্ঞানে আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। তিনি এখনো রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। এমন সময়ে দল-মত নির্বিশেষে সবাইকে তার আরোগ্যের জন্য প্রার্থনায় অংশ নেওয়া উচিত।
হাসনাত আবদুল্লাহ বলেন, খালেদা জিয়া উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা দীর্ঘদিনের নানা জটিলতার কারণে অবনতি হয়েছে। অতীতে চিকিৎসা প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত পরিবেশ না পাওয়ার অভিযোগও করেন তিনি।
তিনি আরও বলেন, এসব বাধা ধীরে ধীরে খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
বিজ্ঞাপন
>> আরও পড়তে পারেন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না: আইন উপদেষ্টা
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পরিস্থিতি খুব আশাব্যঞ্জক না হলেও তিনি চিকিৎসকদের নির্দেশনা বুঝতে পারছেন—এটি ইতিবাচক দিক। তার সুস্থতার জন্য এখন দোয়া ছাড়া বিকল্প নেই।
এর আগে, শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এএইচ/এএস

