মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

এমপি-মন্ত্রীদের বিলাসী জীবনযাপনের কারণেই জনগণ বঞ্চিত ছিল: ড. মান্নান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

এমপি-মন্ত্রীদের বিলাসী জীবনযাপনের কারণেই জনগণ বঞ্চিত ছিল: ড. মান্নান
ঢাকার সূত্রাপুরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি: সংগৃহীত

জনগণের করের টাকায় এমপি, মন্ত্রী ও সরকারী কর্মকর্তাদের বিলাসী জীবনযাপন দেশের সাধারণ মানুষকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান। তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে বিশেষ গুরুত্ব দেবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার সূত্রাপুর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ড. মান্নান বলেন, “বাজেটের প্রতি ১০০ টাকায় স্বাস্থ্যখাতে বরাদ্দ মাত্র ৩ টাকা ৩২ পয়সা। ৫১টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশ ৪৮তম অবস্থানে। দেশের মোট জনসংখ্যা বিবেচনায় কমপক্ষে বাজেটের ১০ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ না দিলে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।”

তিনি অভিযোগ করে বলেন, অতীতের কোনো সরকারই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেনি, বরং তারা দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল। “১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও কেউ কেউ দেশে-বিদেশে বিলাসী জীবনযাপন করছে,”—উল্লেখ করে তিনি বলেন, এর বিপরীতে জামায়াতের সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রীত্ব করেও সাধারণ জীবনযাপন করেছেন।

এ সময় তিনি দাবি করেন, জামায়াতের নেতৃত্বে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। “জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে,” বলেন তিনি। একই সঙ্গে তিনি স্থানীয়দের আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সূত্রাপুর উত্তর থানা আমীর রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।


বিজ্ঞাপন


অন্যদিকে, ঢাকার আরও কয়েকটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা পৃথক নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন কামনা করেন। ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৯ আসনে কবির আহমদ এবং ঢাকা-৭ আসনে হাফেজ এনায়েতুল্লাহ নিজ নিজ এলাকায় শান্তি, সুশাসন ও সন্ত্রাসমুক্ত নগরী গঠনের অঙ্গীকার তুলে ধরেন।

প্রার্থীরা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তারা বলেন, বিগত কয়েক দশকে নানা দল ক্ষমতায় এলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জামায়াত ক্ষমতায় এলে জনগণের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর