স্বাবলম্বী ঢাকা-১৭ গড়তে তার দল বদ্ধপরিকর বলে জানিয়েছেন আসনটিতে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র গঠন করবে, তারই একটি ট্রায়াল হলো মানুষের কর্মসংস্থান বাবদ সহযোগিতা করা।’
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বনানী থানার উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও স্বউদ্যোগে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আয়োজিত ভ্যানগাড়ি, ভ্রাম্যমাণ দোকান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. খালিদুজ্জামান।
তিনি বলেন, ‘মানুষকে দান বা ত্রাণের ওপর নির্ভরশীল থাকতে হবে না। আমরা পরিকল্পিত কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতে চাই।’
ডা. খালিদুজ্জামান আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। বৈষ্যম্যহীন দেশ গড়ে তোলা হবে। যেখানে প্রতিটা মানুষ সমান অধিকার পাবে। দেশের প্রতিটা মানুষের কর্মের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ১৫টি পরিবারকে ভ্যানগাড়ি, ভ্রাম্যমাণ দোকান ও নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, ১০টি মাদরাসা ও এতিমখানায় বিশুদ্ধ পানির ফিল্টার এবং এক হাজার মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও বনানী থানা জামায়াতের আমির মিজানুর রহমান খান। সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবৃত্তি রাফি।
এসময় আরও উপস্থিত ছিলেন- আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল, মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক মুজাহিদী ও আসন প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এএইচ




