আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এসময় ১৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটিতে আহ্বায়ক পদে শিশুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. সদরুল আলম ও সদস্যসচিব পদে ঢাকা মেডিকেলের চিকিৎসক আব্দুল আহাদ দায়িত্ব পেয়েছেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শুধু এনএইচএর ডাক্তার হলে পদায়ন-প্রমোশন হবে, সুবিধা পাবেন, এমনটা নয়। সবার জন্য মেধা-যোগ্যতার ভিত্তিতে সবকিছু হবে। চিকিৎসক ও রোগীদের জন্য আমরা ইনসাফ কায়েম করব।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন প্রয়োজন। শুধু সেবাদাতা নয়, সেবাগ্রহীতার দিকও বিবেচনা করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী অনেক পরিবর্তন প্রয়োজন, সেটি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স নিশ্চিত করবে আশা করি। আমরা চাই জুলাইয়ের দিনগুলোর মতো চিকিৎসা পাওয়ার অধিকার রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করবে না।
অধ্যাপক ডা. সদরুল আলম বলেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর। এটা বিভিন্ন দেশের তুলনায় একটা মানে উন্নীত করতে চাই। আমরা ট্রান্সপারেন্ট, ডেমোক্রেটিক ও ইনসাফের ভিত্তিতে স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু, জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান, বিসিএস ডক্টরস ফোরামের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, নবগঠিত কমিটির সদস্যসচিব ডা. আব্দুল আহাদ, মুখ্য সংগঠক ডা. ইউসুফ জামিল তিহান ও মুখ্য সমন্বয়ক ডা. হুমায়ুন কবির হিমু।
এসএইচ/এএইচ




