নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি বলেন, সারাদেশের মতো ঢাকা-৮ আসনকেও একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৮ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় পরিণত করা হবে। জনভোগান্তি দূরীকরণে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা হবে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও শরীরচর্চার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
শুক্রবার ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।
তিনি বলেন, অতীতে যারা এমপি হয়ে ঢাকা-৮ আসনের জনগণের সঙ্গে প্রতারণা করেছে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংক-বীমার মালিক হয়েছে, নিজ নামে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্য করেছে, তাদের আর ভোট দেওয়া যায় না। এরা আবারও সুযোগ পেলে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলবে। ক্ষমতায় থেকে দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার করে টানা পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস বা চাঁদাবাজির কোনো স্থান নেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সব দলকে দেখা শেষ— উল্লেখ করে তিনি জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলকভাবে একবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার— জাতি পাবে একটি নিরাপদ ও কল্যাণমুখী রাষ্ট্র। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনে নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদের সদস্য ও ঢাকা-৮ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, রমনা থানা আমির আতিকুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামসুল বারী, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুরুদ্দীন, শাহজাহান পশ্চিম থানা আমির মো. সরোয়ার হোসেনসহ ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক থানা ও বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এমআইকে/এআর

