জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিক্ষা, স্বরাষ্ট্র এবং পানিসম্পদ-বন ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। জামায়াত নেতা খুলনার ডুমুরিয়া ও ফুলতলা এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে এ বৈঠক হয়।
প্রথমে মিয়া গোলাম পরওয়ার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডুমুরিয়া ও ফুলতলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, এমপিওভুক্তি এবং শিক্ষার মানোন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। শিক্ষা উপদেষ্টা বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে যথাযথ বিবেচনার আশ্বাস দেন।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে তিনি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি-ভীতি প্রদানের বিষয়টিও তিনি উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বিষয় গুরুত্ব দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সবশেষে জামায়াত সেক্রেটারি পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন। খুলনার বিভিন্ন বিলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি দ্রুত সমাধানের দাবি জানান। উপদেষ্টা তাৎক্ষণিকভাবে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় মেশিনারি ও সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
টিএই/ক.ম




