দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ উদ্দেশে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি আগামী পাঁচ বছর কার্যকর থাকবে এবং প্রতিযোগিতামূলক মূল্যে গম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
রোববার (২০ জুলাই) রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুয়েট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জসেফ কে সোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান। উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই সমঝোতা স্মারক শুধু দুই দেশের মধ্যে আস্থা ও বাণিজ্যিক সম্পর্ককে সুদৃঢ় করবে না, বরং সাধারণ জনগণের জন্য খাদ্য পুষ্টি ও নিরাপত্তার একটি টেকসই ভিত্তিও তৈরি করবে। এটি আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশ প্রতি বছর গড়ে ৬০ থেকে ৭০ লাখ টন গম আমদানি করে থাকে। এর বড় একটি অংশ আসে রাশিয়া, কানাডা ও ভারত থেকে। তবে বিশ্ববাজারে মূল্য অস্থিরতা এবং সরবরাহে নানা অনিশ্চয়তার প্রেক্ষাপটে একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে বাংলাদেশ।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই চুক্তির আওতায় আমদানি করা গম দেশের সরকারি খাদ্যগুদাম, ভর্তুকি চাল বিতরণ কর্মসূচি এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হবে।
পাশাপাশি দেশে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানো ও বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমআই/এএইচ




