ভারতীয় প্রভাবমুক্ত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চায় জাতীয় গণতান্ত্রিক পার্টি। আওয়ামী শাসনের গত ১৬ বছরে ভারতীয় প্রভাবে যেমন নির্বাচন হয়েছে তা আর দেখতে চায় না দলটি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে দলের এই অবস্থান তুলে ধরেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান।
তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটার মূল কারণ আমরা একটা সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছি৷ অনেকেই জানেন যে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগাপা’র দলীয় নিবন্ধন ফ্যাসিবাদ সরকার গত আমলে বাতিল করে দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাই। শুনানি শেষে হাইকোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এই প্রেক্ষাপটে আসরা সিইসির সঙ্গে দেখা করতে এসেছি।
সৌজন্য সাক্ষাতে আসার বিষয়ে তিনি আরও বলেন, সিইসিকে জানানো যে আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন। আমরা গত ১৬ বছর দেখেছি যে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না আমরা বিশ্বাস করি৷
সাংবাদিকদের কাছে সিইসির ওপর ভরসা রাখার কথাও জানান তাসমিয়া প্রধান। বলেন, আমরা উনার সঙ্গে সাক্ষাতে অনেক ভালো বোধ করছি। আমরা জানি যে উনি সৎ ব্যক্তি। জানালাম যে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি। তিনিও বললেন যে সামনের নির্বাচনে সব দলের সহায়তা দরকার। আমরা জানালাম যে সব ধরনের সহাযোগিতা আমাদের জায়গা থেকে করব।
জাগপা সভাপতি বলেন, ছাত্র বিপ্লবের পর আমরা বিশ্বাস করি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছি। এখন নির্বাচন কমিশন আপিল করলে আমরা সেটা আইনগতভাবে মোকাবিলা করব।
১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করে জাগপা। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর ইসি থেকে নিবন্ধন লাভ করে দলটি। এক যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে ইসি।
গত বুধবার (১৯ মার্চ) প্রায় চার বছর দুই মাস পরে নিবন্ধন ফিরে পায় জাগপা।
এমএইচ/ইএ




