ঐতিহাসিক ৬ দফা দিবস (৭ জুন) উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়ে জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে এদিন ভোর সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ।
এদিন বিকাল সাড়ে তিনটায় আলোচনা সভা করবে ক্ষমতাসীনরা। রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আগামীকাল ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
কারই/এমএইচএম




