আগামীকাল শনিবার (১৮ মে) পিরোজপুরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। স্বাধীনতার পর তথা ১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার পরে পিরোজপুরে যুবলীগের এই প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে বিভিন্ন সময়ে পিরোজপুর জেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠিত হলেও কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এর আগে যুবলীগের কেন্দ্র থেকে কমিটি গঠন করে দেওয়া হতো।
সর্বশেষ পিরোজপুর জেলা যুবলীগের কমিটি গঠিত হয় ২০১০ সালে। ২০১০ সালের ১ আগস্ট তৎকালীন কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবলীগের কমিটি অনুমোদন করা হয়। তৎকালীন ওই কমিটিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান ফুলুকে সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীকে সাধারণ সম্পাদক করা হয়।
২০১০ সালে গঠিত জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সহ-সভাপতি রেজাউল করিম মন্টু, মো. মনিরুজ্জামান আতিয়ার, রফিকুল ইসলাম রিপন, ১ নম্বর সদস্য মশিউর রহমান মহারাজসহ কমিটির অনেক সদস্য বর্তমানে জেলা আওয়ামী লীগের কমিটির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কমিটির কয়েকজন সদস্য ইতোমধ্যে মৃত্যুবরণও করেছেন।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু বর্তমানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু বর্তমানে পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান আতিয়ার বর্তমানে নাজিরপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি রফিকুল ইসলাম রিপন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ১ নম্বর সদস্য মশিউর রহমান মহারাজ বর্তমানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।
প্রায় ১৪ বছর আগে পিরোজপুর জেলা কমিটি গঠিত হওয়ার পরে যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ-পদবী পাওয়ায় দীর্ঘদিন ধরে যুবলীগের কার্যক্রম অনেকটা নিস্ত্রিয় হয়ে পড়ে। বিগত দিনে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ কয়েকবার পিরোজপুর সফর করে বার্ধিত সভা করলেও যুবলীগের কোনো নতুন কমিটি গঠন করা হয়নি।

এদিকে, ১৮ মে সম্মেলনকে ঘিরে পিরোজপুরে জেলা যুবলীগের পদ প্রত্যাশী সাবেক ছাত্রনেতাদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে সাবেক ৮ ছাত্রলীগ নেতাসহ আরও বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতার নাম শোনা যাচ্ছে। তারা কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেছেন।
এদের মধ্যে সভাপতি পদে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জিএস মাকসুদুর ইসলাম সিকদার লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি বর্তমানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগে সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা ও বর্তমান পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারভীর মুজিব অভি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি, পিরোজপুর সদর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, পিরোজপুর পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের নাম শোনা যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি ও সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপি।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের এমপি মো. মহিউদ্দীন মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল লাল বিশ্বাস, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক।
বক্তব্য দিবেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বরসহ কেন্দ্রীয় যুবলীগসহ জেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
_20240517_183237509.jpg)
সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
সম্মেলন আয়োজনের বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, স্বাধীনতার পর তথা বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার পর পিরোজপুরে এটাই জেলা যুবলীগের প্রথম সম্মেলন। তাই সম্মেলনকে জাকজমক পূর্ণ এবং সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটানো হবে। সম্মেলনে ৫০ হাজার নেতাকর্মীর উপস্থিতি হবে বলে তিনি জানান।
প্রতিনিধি/এসএস




