চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ মার্চ) সকাল ৮টায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে হিসেবে যাচ্ছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
সর্বশেষ গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। ১৭ ফেব্রুয়ারি দেশে ফেরেন।
গত বছরের ২৯ অক্টোবর ভোরে গ্রেফতার হয়েছিলেন তিনি। সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল।
কারামুক্তির পর গণমাধ্যমকে এড়িয়ে চলছেন তিনি। মুক্তির পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বিএনপি মহাসচিব। এছাড়া সংবাদ সম্মেলন কিংবা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি। শুধুমাত্র দলীয় কয়েকজন সিনিয়র নেতা এবং গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোট নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পান।
এমআর




