বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০২২, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি।

রোববার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে। এছাড়া দলের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক জেলা দায়রা জজ ইকতেদার আহমেদকে সদস্য করা হয়েছে।

আজ বিকেল ৪টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভার মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু হয়।

গত ১৮ এপ্রিল কথা কাটাকাটির জেরে রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এই সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী-শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরবর্তী সময়ে এই ঘটনায় আহত দুইজনের মৃত্যু হয়।

ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এর মধ্যে একটি মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনকে প্রধান আসামি করে ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

২২ এপ্রিল বিকেলে এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক নম্বর আসামি বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমই/জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর