শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে: নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে: নুর

রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে, এই কোরবানি হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅধিকার পরিষদ জন্মলগ্ন থেকেই বলেছে, কোনো দলীয় সরকারের অধীনে সাজানো-পাতানো প্রহসনের নির্বাচনে যাবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। এই আওয়ামী লীগ সরকার পঁচাত্তরে বাকশালী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে ১৪ ও ১৮ সালের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলো ডাকা ষষ্ঠ দফা কর্মসূচির ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিজ্ঞাপন


নুর বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার পঁচাত্তরের বাকশালী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুপরিকল্পিত হয়ে ১৪ আর ১৮ সালে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আজকে জনগণের ভোটের অধিকার নেই, নির্বাচনের পরিবেশ নেই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা নির্বাচনের খেলার উৎসব করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানি হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে।’

ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘আমাদের এই লড়াই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই। এই লড়াই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আজকে এই ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিহত করতে হবে। যারা এই গণতন্ত্রের জন্য লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হবে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ 

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

টিএই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর