শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ছুটির শনিবারেও অশান্তির ঘড়ি থামে না

শামসুল আলম
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

ছুটির শনিবারেও অশান্তির ঘড়ি থামে না

শনিবারের সকালটা একটু অন্য রকম। সপ্তাহের সাত দিনের মধ্যে এই দিনটি বোধ হয় ঘড়ির সঙ্গে সবচেয়ে কম ঝগড়া করে। কাজের তাড়া কম, চায়ের কাপ ঠান্ডা হওয়ার অপরাধে কেউ কৈফিয়ত চায় না; খবরের কাগজ হাতে নিয়ে একটু নিজের মতো করে পৃথিবীটাকে দেখা যায়। অথচ পৃথিবী তার নিজের ছুটির কথা জানে না। ঢাকায় কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও চলন্ত বাসে আগুন, কোথাও রাজনৈতিক মিছিলের উত্তাপ। রাজধানীর কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর এসেছে, আবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে আগুনের ঘটনায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আমাদের দেশে আগুন ও আতঙ্কের মধ্যে একটা অদ্ভুত মিল আছে-দুটোই ছড়িয়ে পড়তে সময় নেয় না, কিন্তু নেভাতে অনেক আয়োজন লাগে।

পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে উত্তেজনা এখনও থামেনি। ৩৬ শতাংশ বৃদ্ধিতে মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিকদের অসন্তোষ রয়ে গেছে। কারখানা বন্ধ, সড়ক অবরোধ, উৎপাদনে বিঘ্ন-সব মিলিয়ে শিল্পের পরিস্থিতি অশান্ত। শ্রমিকের সংসারে বাজারের হিসাব আর মালিকের খাতায় উৎপাদনের হিসাব এক নয়; কিন্তু শেষ পর্যন্ত দুই হিসাবের মাঝখানে দেশের অর্থনীতিই বসে থাকে। কারখানার চাকা ঘোরানোর তাগিদে ছুটির দিনেও সাভার-আশুলিয়ার একশ আটাশটি পোশাক কারখানায় সেলাই মেশিনের খটখটানি থামেনি, অথচ শ্রমিক অসন্তোষের জেরে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার আশঙ্কায় মালিকপক্ষের কপালে চিন্তার ভাঁজ।

ওদিকে গোপালগঞ্জের অস্থিরতা এড়াতে বাংলাদেশ রেলওয়ে আজ থেকেই খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস স্থগিত করে রাজবাড়ী ঘুরে বিকল্প ট্রেন চালাচ্ছে; যেন সোজা পথে কাঁটা বিছানো থাকলে ঘুরপথেই গন্তব্যে পৌঁছানো বুদ্ধিমানের কাজ। এরই মধ্যে আরাকান আর্মির দীর্ঘ বন্দিদশা কাটিয়ে ৪১ জন বাংলাদেশি জেলের স্বজনদের বুকে ফিরে আসার খবরটি মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো স্বস্তি নিয়ে এসেছে।

শিক্ষার খবরের মধ্যে আজ একটু আশার রং আছে। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বইয়ের সঙ্গে শিশুর সম্পর্কটা বড় মধুর; বই খুললেই সে নতুন একটা পৃথিবীর মালিক হয়, অথচ বড়দের পৃথিবীতে একটি ফাইল খুলতে খুলতেই কখনো কখনো কয়েকটি ঋতু পার হয়ে যায়।

রাজনীতির অন্দরমহল থেকে রাজপথ-সবখানেই যেন বারুদের গন্ধ আর কাদা ছোড়াছুড়ির মহোৎসব চলছে। বিজয়ের মাস সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির পাল্টাপাল্টি সমাবেশের প্রস্তুতির মাঝে ককটেল বিস্ফোরণ আর মিরপুরের কালশীতে বাসে আগুনের ঘটনা জনমনে পুরোনো আতঙ্ক ফিরিয়ে আনছে।

এমনকি পুলিশ বাহিনীর ভেতরেও গোপন তথ্য ফাঁস ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে দুই ঊর্ধ্বতন কর্মকর্তার গ্রেফতার হওয়াটা সর্ষের ভেতরেই ভূত থাকার প্রবাদটিকে আবারও সত্য প্রমাণ করল। ওদিকে ফেসবুকের পাতায় চোখ রাখলে হাসব না কাঁদব, তা ঠাহর করা দায়!

মালয়েশিয়া ফেরত এক প্রবাসীকে বরণ করতে ঢাকা বিমানবন্দরে তার তিন স্ত্রীর উপস্থিতি এবং স্বামীকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার টানাটানির ভিডিওটি নেটদুনিয়ায় রীতিমতো হাস্যরসের খোরাক জুগিয়েছে। অন্যদিকে, প্রাক্তন এক আমলার লাঞ্ছিত হওয়া ও কান ধরে ওঠবস করার ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনে তার কারাগারে যাওয়ার ঘটনাটি সামাজিক মাধ্যমে ন্যায়বিচার আর মব-কালচার নিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

আজকের পত্রিকাগুলোর সম্পাদকীয় পাতায় চোখ বোলালে দেশের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা অব্যবস্থাপনার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রথম সারির দৈনিকগুলোর সম্পাদকীয়তে খুলনার মাদক সাম্রাজ্যের গডফাদারদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র প্রশ্ন তোলা হয়েছে; তালিকাভুক্ত কারবারিদের ঠিকানা জানা। ডেইলি স্টারের সম্পাদকীয়তে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে দর-কষাকষিকে নিছক বৈঠকের নাটক বানিয়ে না ফেলার সতর্কতা রয়েছে; শ্রমিকদের ক্ষোভের পেছনে মূল্যস্ফীতি ও প্রকৃত মজুরি কমে যাওয়ার বাস্তবতা আছে। অন্য সম্পাদকীয় দৃষ্টিতে পুষ্টির সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবি সামনে এসেছে। কাগজে ব্যবস্থা আছে, বাস্তবে তার অনুপস্থিতি; এই ব্যবধানই নাগরিককে সবচেয়ে বেশি ক্লান্ত করে।

সামাজিক মাধ্যম আজকাল খবরের দ্বিতীয় সংসদ। সেখানে বক্তৃতা কম, রায় বেশি; বিচার শেষ হওয়ার আগেই অনেকের সাজা হয়ে যায়। আজ আলোচনায় এসেছে এপেক সম্মেলনে সাত বছর বয়সী এক শিশুর নাচের পরিবেশনা, যার ভিডিও বিপুল দর্শক পেয়েছে; শিশুর প্রতিভা নিয়ে প্রশংসার পাশাপাশি তাকে ঘিরে অনলাইন পরিচিতি ও অতিরিক্ত প্রচারের প্রশ্নও উঠছে। আরেক দিকে  ভারতে অবস্থানরত দন্ডিত সাবেক প্রধানমন্ত্রীর কান্সারে আক্রান্ত হয়ে এক হাসপাতালের মৃত‍্যুর গুজবে অনলাইন সয়লাব। এনিয়ে চাঁদপুরে গায়েবানা জানাযা পড়তে গিয়ে আটক হয়েছেন ইমাম। এখানেই ক্ষান্ত হয়নি, প্রতিবেশীরা বর্ডার দিয়ে লাশের গাড়ি ঢুকিয়ে দুইপক্ষের মবে মৃত‍্যু হয়েছে ছড়িয়ে দিয়ে দেশজুড়ে গৃহযুদ্ধ বাধাতে পারে বা সৈন‍্য ঢুকিয়ে দিতে পারেএমন আশংকার রিলস তৈরি করেছেন কেউ কেউ। এসব বিস্ফোরক গল্প ছাড়নো হলেও নির্ভরযোগ‍্য কোনো সূত্রের উল্লেখ নাই-কিন্তু বহুল প্রচার এবং চর্চা আছে। এ নিয়ে মানুষের মনে ছড়িয়ে পড়া কৌতূহল নিরাপত্তা উদ্বেগে পরিণত করছে। সামাজিক মাধ্যমের বড় বিপদ এই যে, সেখানে সত্য খবরের পায়ে জুতো থাকে, গুজবের পায়ে থাকে মোটরসাইকেল। দুটোই দ্রুত চলে, কিন্তু একটিকে ধরতে গেলে অন্যটি প্রায়ই নাগালের বাইরে চলে যায়।

দেশের খবরের বাইরে পৃথিবীও আজ বেশ ব্যস্ত। বরং বিশ্বরাজনীতির রঙ্গমঞ্চে চলছে অদ্ভুত সব মেরুকরণ। রুশ প্রেসিডেন্ট পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘বন্ধু’ বলে সম্বোধন করায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষোভে ফেটে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের উদাহরণ টেনেছেন, যা ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কের শীতলতাকে আরও বাড়িয়ে দিল। ইউক্রেনের ভূখণ্ড নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অবস্থানকে প্রশ্ন করেছেন তাঁর ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো-যুদ্ধের রাজনীতিতে এমন প্রশ্ন কখনো কখনো কামানের চেয়েও বেশি শব্দ করে। ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তনের পথ খুঁজছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো; সংকট থেকে বেরিয়ে আসার পথ সেখানে শুধু ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক নতুন করে নির্ধারণের প্রশ্ন। অন্যদিকে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানি হুমকি এবং আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে পর্তুগাল, ফ্রান্স ও স্পেনের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ-সব মিলিয়ে বিশ্বজুড়েই এক অস্থিরতার সুর বাজছে। স্পেনে তো আবাসন সংকটের জেরে কাল রোববার আগাম নির্বাচনের ভোটগ্রহণও হতে যাচ্ছে।

তবু এতসব হতাশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর রাজনীতির মারপ্যাঁচের ভিড়েও সাধারণ মানুষ স্বপ্ন দেখতে ভোলে না। জীবনটা অনেকটা আমাদের দেশের ওই বিকল্প রেলপথের মতোই; সোজা রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা ঠিকই বাঁকা পথে হলেও এগিয়ে যাওয়ার ফন্দি এঁটে নিই। ছুটির এই শনিবারে সব জটিল সমীকরণ একপাশে সরিয়ে রেখে প্রিয়জনদের সাথে একটুখানি হাসিমুখে সময় কাটানোই হোক আজকের দিনের সেরা অর্জন।

লেখক: সাবেক সিনিয়র সচিব

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর