শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঘাতপ্রতিঘাতের মধ্যে বেড়ে ওঠা এক প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন

এলাহী নেওয়াজ খান
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

ঘাতপ্রতিঘাতের মধ্যে বেড়ে ওঠা এক প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিনিয়র সাংবাদিক এলাহী নেওয়াজ খান। ছবি: এআই সম্পাদনা

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের কথা হয়তো অনেকের মনে আছে। সেই যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরের ৬ সেপ্টেম্বর। তখন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ১ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানির কমান্ডার হিসেবে মেজর জিয়াউর রহমান পশ্চিম পাকিস্তানের খেমকারণ সেক্টরে যুদ্ধ করেছিলেন। বীরত্বের সঙ্গে যুদ্ধ শেষ করে সবাই গৃহে ফিরেছেন। তারই দুমাস পরে, ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ, সংঘাত, সংগ্রাম ও নির্বাসিত জীবনের কঠিন কাল অতিক্রম করে তিনি এখন ৬২ বছর পূর্ণ করেছেন। অর্থাৎ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পরপরই তাঁর জন্ম হয়।

আবার মাত্র ছয় বছর বয়সে ১৯৭১ সালের মার্চ মাসে তিনি আরেকটি যুদ্ধের সূচনা প্রত্যক্ষ করেন। সেটা ছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, আর যে স্বাধীনতাযুদ্ধের ঘোষক ছিলেন তাঁর পিতা মেজর জিয়াউর রহমান। বিস্ময়কর দিক হচ্ছে, সবে একটি যুদ্ধ শেষ করে তিনি কয়েক বছরের মধ্যে স্বাধীনতার ঘোষণা দিয়ে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যে বীরত্ব দেখিয়েছেন, তা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর তিনি লড়াই করে করে প্রমাণ করে গেছেন যে, যোদ্ধা ছাড়া জাতীয়তাবাদী হওয়া যায় না।

যাই হোক, তারেক রহমান সেই মহান জাতীয়তাবাদী নেতার সন্তান, যিনি নিজেও মায়ের সঙ্গে ছোট ভাই কোকোকে নিয়ে জীবনের বিভিন্ন অধ্যায়ে কম লড়াই করেননি। একাত্তরের সেই কঠিন স্বাধীনতাযুদ্ধকালে ছোট ভাই কোকোকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে সেই দুর্বিষহ অন্তরীণ জীবনের কাহিনি কতটুকুই বা এ দেশের মানুষ জানে। এত শিশু অবস্থায় শত্রু সেনাবাহিনীর হাতে বন্দি হয়ে অন্তরীণ থাকার ঘটনা খুব কম মানুষের জীবনে ঘটেছে। অর্থাৎ শিশুকালে স্বাধীনতাযুদ্ধের সময় মায়ের সঙ্গে অন্তরীণ থাকা এবং যৌবনে স্ত্রী ও শিশুকন্যা নিয়ে দীর্ঘ নির্বাসিত জীবন কাটানো—এটা কি কম সংগ্রামের কাহিনি!

সুতরাং তারেক রহমানকে যে যেভাবেই মূল্যায়ন করুক না কেন, এটাই সত্য যে, তিনি অনেক ঘাতপ্রতিঘাত, চড়াই-উতরাই ও দুঃস্বপ্নের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। আপাতদৃষ্টিতে মনে হয়, তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, শিশুকাল থেকেই নিরবচ্ছিন্ন স্বতঃস্ফূর্ত শৈশব তিনি পাননি। প্রথমত, সামরিক ব্যারাকের মধ্যে সামরিক অফিসার পিতার কঠিন অনুশাসন এবং এরপর ধারাবাহিক বেদনাদায়ক অনেক ঘটনার মধ্য দিয়ে তিনি পথ চলেছেন।

মোদ্দা কথা, তারেক রহমান শিশুকালে মায়ের সঙ্গে অন্তরীণ থাকাকালে একটি দেশের স্বাধীনতাযুদ্ধ দেখেছেন, যে যুদ্ধের ঘোষক ছিলেন তাঁর নিজের পিতা জিয়াউর রহমান। আবার স্বাধীনতার পর শিশুবয়সেই আওয়ামী লীগের কঠিন নিপীড়নমূলক শাসনের মধ্যে তাঁর কৈশোরে ওঠার কাল কেটেছে। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তন, অতঃপর ওই একই বছর ৩ নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থান এবং জিয়াউর রহমানের গ্রেফতার হওয়া, অতঃপর ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের মুক্তি লাভ ইত্যাদি সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমানের জীবনের অনেকগুলো ধাপ অতিক্রম হয়েছে। এরপর পিতা জিয়াউর রহমানের প্রেসিডেন্ট হওয়া, জাতীয়তাবাদী দল গঠন পরিবারে সুখের বারতা আনলেও বেশি দিন তা স্থায়ী হয়নি। ১৯৮১ সালের ৩০ মে ষড়যন্ত্রকারীদের বুলেটে ঝাঁঝরা হয়ে পিতা জিয়াউর রহমানের শাহাদাতবরণের ঘটনা নিশ্চয়ই ১৬ বছরের তরুণ তারেক রহমানের হৃদয়কে ভেঙে খানখান করে দিয়েছিল।

আর এভাবে কোনো কিছু বুঝে ওঠার আগেই আবার ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদের সামরিক শাসন তারেক রহমানের জীবনে বয়ে আনে আরেক অন্ধকার সময়। আর সেটা ছিল নয় বছরের এক দুঃসহ লড়াই, যেখানে তাঁর মাতা বেগম খালেদা জিয়া ছিলেন অগ্রভাগের নেতৃত্বে। অতঃপর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণআন্দোলনের মুখে এরশাদের পতন এবং ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির আবার ক্ষমতাসীন হওয়া এক বিস্ময়কর যাত্রাপথের এক বিজয়গাঁথা। কিন্তু ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির পরাজয় এবং আওয়ামী লীগের পুনরায় দুঃশাসনের সূচনা।

অতঃপর ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তথা চারদলীয় জোট সরকারের প্রথমবারের মতো মেয়াদ পূর্ণ করার সাফল্য থাকলেও জেনারেল মইন ইউ আহমেদের ষড়যন্ত্রমূলক এক-এগারোর ঘটনা তারেক রহমানের জীবনে নামিয়ে আনে দুর্বিষহ নিপীড়ন। শুধু তাই নয়, একজন সেনাপ্রধান, একজন প্রেসিডেন্ট এবং একজন প্রধানমন্ত্রীর সন্তান হওয়া সত্ত্বেও তাঁকে জোরপূর্বক নির্বাসনের জীবন বেছে নিতে বাধ্য করা হয়েছিল। তাই তাঁকে মাতৃভূমি ছেড়ে যৌবনের সোনালি দিনগুলো কাটাতে হয়েছিল বিদেশবিভুঁইয়ে। তা এক-দুটি বছর নয়, টানা ১৭ বছর। এই নির্বাসনে থাকাকালে অতিপ্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু, বিনা দোষে মাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার বেদনাদায়ক ঘটনা তাঁকে সহ্য করতে হয়েছে। কিন্তু এত দুঃখ-কষ্টের পর আজ তাঁর জীবন পরিপূর্ণ। কারণ, অসংখ্য ঘাতপ্রতিঘাত ও দুঃখ-কষ্ট সত্ত্বেও আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এই পটভূমিতে পালিত হয়ে গেল তাঁর ৬২তম জন্মদিন। তাঁর কঠোর সমালোচকরা হয়তো কখনোই ভাবেননি যে, একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তারেক রহমানের জন্মদিন পালিত হবে। আপনাকে অশেষ শুভেচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমান।

লেখক: এলাহী নেওয়াজ খান, জ্যেষ্ঠ সাংবাদিক

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর