বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সহিংসতা, গুজব ও অনিশ্চয়তার মধ্যে শান্তির প্রত্যাশা

শামসুল আলম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

সহিংসতা, গুজব ও অনিশ্চয়তার মধ্যে শান্তির প্রত্যাশা

হেমন্তের মিষ্টি রোদে সকালটা বেশ নিরীহ দেখাচ্ছে। সপ্তাহের শেষ কর্মদিবস বলে কথা! কেরানি থেকে কর্তাব্যক্তি-সবার মনেই কমবেশি ছুটির ডাক। কেউ ফাইলের পাহাড় নামিয়ে আনতে ব্যস্ত হবেন, কেউ আবার অফিসে বসেই শুক্র-শনিবারের মেনু ঠিক করবেন। কিন্তু খবরের কাগজ খুললেই বোঝা যায়, প্রকৃতি যতই শান্তির পায়রা ওড়াক, রাজনীতির আকাশে সে পায়রার কপালে আপাতত শান্তি নেই।

মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবন এবং সংসদ সদস্য এস এম জিলানী ও তার স্বজনদের বসতঘরে অগ্নিসংযোগের রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক নিবাসের নিচতলায় আগুন লাগানোর খবর। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া পতিত প্রধানমন্ত্রী দণ্ডিত হাসিনা সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার রুদ্ধদ্বার একান্ত বৈঠক। আজকে নাকি নিষিদ্ধ পার্টির আন্ডারগ্রাউন্ড ও বিদেশে পলাতকরা অনলাইনে ‘লকডাউন’ ডেকেছেন-এখন নিজেরা কি মাঠে থাকবেন, নাকি দূরদেশ থেকে লকডাউনের স্বাধ নেবেন বুঝা যাচ্ছে না? নাকি দেশের অবুঝদের দিয়ে চোরাগোপ্তা বা হিট এন্ড রান সন্ত্রাস করতে গিয়ে গণধোলাইয়ের হাতে ধরা পড়লে সেটিও যেন আরেক বিতর্কের জন্ম না দেয়-তখন তো আবার অভিযুক্ত হবে বেচারা মব জাস্টিস। ধরলেও দোষ, না ধরলেও চলে না!

রাজধানীতে ১৭৭টি নিরাপত্তা তল্লাশিচৌকি, বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন এবং যানবাহনে নজরদারি-সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকাল বিশ্রামের সময় কম। এই অস্থিরতার মধ্যে ঢাকায় মনোরেল চালুর পরিকল্পনা, উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা এবং দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর খবর কিছুটা স্বস্তি জোগায়। দেশের মানুষ অবশ্য পরিকল্পনার চেয়ে বাস্তবায়ন দেখতে বেশি পছন্দ করে। কারণ পরিকল্পনার ট্রেন সময়মতো ছাড়লেও বাস্তবের ট্রেনের সময়সূচি নিয়ে যাত্রীদের অভিজ্ঞতা খুব সুখকর নয়। আগুন নেভানো যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি উন্নয়নের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াও তার কাজ।

এদিকে নেটদুনিয়ার চায়ের কাপে আজ দুই রকম ঝড়। ঢাকার মেট্রোরেলের কামরায় দাঁড়িয়ে দুটি শিশুর কণ্ঠে ‘আমরা করব জয়’ গানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বারুদের গন্ধের মধ্যে শিশুদের এই সরল কণ্ঠ যেন বড়দের একটু লজ্জাই দিয়ে যায়-আমরা যখন কে কাকে হারাব, সেই হিসাব করি, ওরা তখন সবাইকে নিয়ে জয়ের গান গায়।

অন্যদিকে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম জিটিএ সিক্স খেলার অনুমতি পেতে ভেনেসা নামের এক প্রেমিকা ও লাঙ্গা নামের এক প্রেমিকের স্ট্যাম্পে লেখা চুক্তির ছবি ভাইরাল। প্রেমিকার সঙ্গে কথা বলার সময় গেম বন্ধ রাখতে হবে, খেলার সময়ও নির্দিষ্ট-এমন শর্ত দেখে মনে হয়, প্রেমের যুগে যুগে কত পরিবর্তন! একসময় প্রেমিকেরা চিঠির জবাবের অপেক্ষায় রাত জাগত, এখন জাগে গেমের পালা শেষ হওয়ার অপেক্ষায়।

তবে হাসির আড়ালেও বিপদের খবর আছে। গাজীপুরের শ্রমিক বিক্ষোভের পুরোনো ভিডিওকে ত্রিপুরায় বিএসএফের ওপর হামলার ঘটনা বলে প্রচারের অভিযোগ উঠেছে। সম্পাদিত ভিডিও, ভুয়া বিজ্ঞপ্তি, কথিত অডিও-তথ্যের বাজারে আসল-নকল এমনভাবে মিশেছে যে, ক্রেতা এখন পণ্য হাতে নিয়েও নিশ্চিত হতে পারেন না। খবর শেয়ার করতে এক সেকেন্ড, অথচ সত্যতা যাচাই করতে কয়েক ঘণ্টা। আমাদের হাতে স্মার্টফোন এসেছে, কিন্তু স্মার্ট হওয়ার দায়িত্বটি বোধ হয় এখনো বাকি!

আজকের লেখায় জননিরাপত্তা ও মানুষের জীবিকার প্রশ্ন দুটি বিশেষভাবে সামনে এসেছে। গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, বরিশালসহ বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ, টুঙ্গিপাড়ায় থানা ও বসতবাড়িতে হামলা-এসব ঘটনায় অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

পুলিশের বডিক্যামের ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা নিয়েও আলোচনা রয়েছে। ক্যামেরা থাকলে যেমন পুলিশের কাজের জবাবদিহি বাড়ে, তেমনি অভিযোগের সত্যতা যাচাই করাও সহজ হয়। অন্যদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ অব্যাহত। প্রায় ২০ হাজার শ্রমিকের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং বহু কারখানা বন্ধের ঘটনা দেশের রফতানি অর্থনীতির জন্য সতর্কবার্তা।

সিপিডির প্রস্তাবিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মজুরি কাঠামো নিয়ে দ্রুত আলোচনার প্রয়োজন রয়েছে; শ্রমিকদের দাবির মধ্যে মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির কথাও এসেছে। মালিকের উৎপাদন খরচ আছে, শ্রমিকের সংসার খরচও আছে-দুটিই বাস্তব। এক পক্ষের হিসাব মেলাতে গিয়ে অন্য পক্ষের হাঁড়ি চড়ানো বন্ধ রাখা যায় না। একই সময়ে হাইকোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত এবং বুয়েটের পরীক্ষা পিছিয়ে যাওয়ার খবরে শিক্ষার্থীদের অনিশ্চয়তা বেড়েছে।

শ্রমিকের ন্যায্য মজুরি আর শিক্ষার্থীর শিক্ষাজীবনের নিশ্চয়তা-দুটিই রাষ্ট্রের কাছে পাওনা। এসব প্রশ্নের উত্তর বক্তৃতায় নয়, সময়মতো সিদ্ধান্ত ও কার্যকর ব্যবস্থাতেই মিলবে।

দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে তাকালে দেখা যায়, বড় শক্তিগুলোর কূটনীতিও আজকাল বেশ নাটকীয়। চীনের শেনঝেনে এপেক সম্মেলনকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বাণিজ্য, নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ, ইরান ও পারমাণবিক নিরাপত্তার মতো বিষয় আলোচনায় আসতে পারে। তিন দেশের স্বার্থ এক টেবিলে কতটা মেলে, সেটিই দেখার বিষয়। কূটনীতির টেবিলে অবশ্য হাসিমুখে বসা যায়; কিন্তু হিসাবের খাতায় ছাড় দেওয়া বেশ কঠিন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উদ্বেগজনক। ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলার পর পাল্টা আক্রমণের ঘটনায় কুয়েত ও বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে; সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের খবর এসেছে।

হরমুজ প্রণালির উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি-বিশ্বনেতাদের এই ব্যস্ততা দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, শান্তি কি এখনো লক্ষ্য, নাকি কেবল আলোচনার টেবিলে ব্যবহৃত একটি সুন্দর শব্দ?

সপ্তাহের শেষ কর্মদিবসে হিসাবটা তাই খুব কঠিন নয়। রাজপথে আগুনের বদলে ফিরুক স্বাভাবিক চলাচল, সামাজিক মাধ্যমে গুজবের বদলে জায়গা পাক সত্য, শ্রমিকের ঘরে পৌঁছাক ন্যায্য উপার্জন, আর শিক্ষার্থীদের সামনে খুলে যাক নিশ্চিন্ত ভবিষ্যতের দরজা। মেট্রোরেলের সেই দুই শিশুর গানের মতো আমাদেরও মনে রাখা দরকার-জয় মানে শুধু কাউকে হারানো নয়, একসঙ্গে ভালো থাকার পথ খুঁজে পাওয়া। শুক্রবারের ছুটিটা সবার জন্য নিরাপদ, শান্তিময় ও স্বস্তির হোক।

লেখক: সাবেক সিনিয়র সচিব।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর