একসময় বিয়ের পর নারীদের নামের সঙ্গে স্বামীর নাম বা পদবি যুক্ত করার প্রবণতা ছিল বেশ স্বাভাবিক ঘটনা। তবে সময়ের সঙ্গে সেই চর্চায় পরিবর্তন দেখা যাচ্ছে।
নারীর ক্ষমতায়ন, ধর্মীয় সচেতনতা, ব্যক্তিগত পরিচয় ধরে রাখার আকাঙ্ক্ষা কিংবা বিবাহবিচ্ছেদের বাস্তবতা—এর মধ্যে কোন বিষয়টি এই পরিবর্তনে বেশি ভূমিকা রাখছে বলে মনে করেন আপনি?
একসময় বাংলাদেশের উচ্চবিত্ত ও শিক্ষিত মধ্যবিত্ত পরিবারগুলোতে বিয়ের পর নারীদের নামের সঙ্গে স্বামীর নাম বা পদবি যুক্ত করার প্রবণতা বেশ লক্ষ্য করা যেতো।
বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এটি অনেক ক্ষেত্রে দাম্পত্যের বন্ধন এবং নতুন পারিবারিক পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হতো। পশ্চিমা বিশ্বের অনেক দেশেও বিয়ের পর স্বামীর পদবি গ্রহণের প্রচলন রয়েছে।
যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের ২০২৩ সালের এক জরিপে দেখা যায়, দেশটির বিপরীত লিঙ্গের বিবাহিত নারীদের ৭৯ শতাংশ বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করেছেন।
বাংলাদেশের রাজনীতিতে তিন প্রভাবশালী নারী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা ওয়াজেদ ও রওশন এরশাদের নামও এ প্রসঙ্গে আলোচনায় আসে।
তাদের পরিচিত নামের সঙ্গে স্বামীদের নামের অংশ যুক্ত রয়েছে। এমনকি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াও ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ নামে পরিচিতি পেয়েছেন। তার স্বামী ছিলেন সৈয়দ সাখাওয়াত হোসেন।
তবে সময়ের সঙ্গে বাংলাদেশের নারীদের মধ্যে নিজের জন্মগত নাম ও পারিবারিক পরিচয় অক্ষুণ্ণ রাখার প্রবণতা নিয়ে আলোচনা বাড়ছে। বিয়ের পর নাম পরিবর্তন এখন আর সবার কাছে অপরিহার্য সামাজিক রীতি নয়; বরং অনেকের কাছে এটি ব্যক্তিগত পছন্দের বিষয়। এই পরিবর্তনের কারণ অনুসন্ধান করতে গিয়ে কয়েকটি বিষয় সামনে এসেছে।
জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদে নাম পরিবর্তনের জটিলতা।
বিয়ের পর নাম বা পদবি পরিবর্তনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিতে সামঞ্জস্য রাখার বিষয়টি বড় বিবেচনা হয়ে দাঁড়ায়।
বিশেষ করে যেসব নারী দীর্ঘদিন ধরে একটি নামে শিক্ষাগত ও পেশাগত পরিচিতি গড়ে তুলেছেন, তাদের কাছে নাম পরিবর্তন বাড়তি প্রশাসনিক ঝামেলার কারণ হতে পারে।
২০১৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের বক্তব্যে শিক্ষাগত সনদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামের সামঞ্জস্য রাখার বিষয়টি উঠে এসেছিল। তবে বিয়ের পর স্বামীর নাম যুক্ত করার সুযোগও রয়েছে।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত নির্দেশনায় এ ক্ষেত্রে কাবিননামা ও স্বামীর পরিচয়পত্রের কপি জমা দিয়ে আবেদন করার কথা বলা হয়েছে।
অর্থাৎ নাম পরিবর্তনের সুযোগ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনেকের কাছে বাড়তি ঝামেলা বলে মনে হতে পারে। ফলে আগ্রহ থাকা সত্ত্বেও কেউ কেউ নিজের আগের নামটিই ধরে রাখতে চান।
মুসলিম ধর্মীয় দৃষ্টিভঙ্গি
বিয়ের পর স্বামীর নাম বা পদবি গ্রহণের বিষয়ে মুসলিম সমাজে ধর্মীয় আলোচনা রয়েছে। বিশেষ করে নিজের বংশপরিচয় অক্ষুণ্ণ রাখার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মুফতি আমিনুল হক জানান, পবিত্র কোরআনের সূরা আল-আহযাবের ৫ নম্বর আয়াতে মানুষকে তাদের পিতৃপরিচয়ে পরিচিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ আয়াতের আলোচনায় বংশপরিচয় সংরক্ষণের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
তবে স্বামীর পদবি ব্যবহার করা আর নিজের পিতৃপরিচয় অস্বীকার করা এক বিষয় নয়। ইসলামি ব্যাখ্যায় নিজের প্রকৃত বংশপরিচয় গোপন করা বা পরিবর্তন করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই স্বামীর নামের অংশ পরিচিতির জন্য ব্যবহার করা এবং নিজের বংশপরিচয় পরিবর্তন করার মধ্যে পার্থক্য রয়েছে।
ধর্মীয়ভাবে সচেতন অনেক পরিবারও এ কারণে বিয়ের পর নারীর নাম অপরিবর্তিত রাখাকে গুরুত্ব দেন। ফলে ধর্মীয় সচেতনতা বর্তমান সময়ে নাম পরিবর্তনের প্রবণতা কমে আসার আলোচনায় একটি বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।
নারীর ক্ষমতায়ন ও নিজস্ব পরিচয়ের প্রশ্ন
আগে অনেক পরিবারে বিয়ের পর স্ত্রীকে স্বামীর পরিবারের পরিচয়ে পরিচিত করাকে স্বাভাবিক মনে করা হতো। কিন্তু সময়ের সঙ্গে নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বেড়েছে। অনেক নারী এখন মনে করেন, বিয়ের পরও তাদের নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত পরিচিতি ও পারিবারিক পরিচয় অক্ষুণ্ণ থাকা উচিত।
এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হুমায়রা জান্নাত বলেন, ‘আমি আমার বাবা-মায়ের সহযোগিতায় অনেক প্রতিকূলতা পেরিয়ে আজ এই অবস্থানে এসেছি। আমার বাবা-মায়ের দেওয়া পরিচয়েই এতদূর এসেছি। এই নামেই আমাকে সবাই চেনেন। আমার স্বামী যদিও একটি বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তার পরিচয়ে নিজেকে পরিচিত করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। নিজের পরিচয়ে আলাদা এক ধরনের প্রশান্তি কাজ করে।’
তার বক্তব্যে উঠে আসে, একজন নারীর নিজস্ব পরিচয় শুধু বিয়ের পর পরিবর্তিত কোনো পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং শিক্ষা, পেশা ও ব্যক্তিগত অর্জনের মধ্য দিয়েও সেই পরিচয় গড়ে ওঠে।
সব মিলিয়ে, বিয়ের পর নারীর নাম বা পদবি পরিবর্তনের বিষয়টি এখন আর শুধু সামাজিক রীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ব্যক্তিগত পছন্দ, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও নিজস্ব পরিচয়ের প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে।
স্বামীর পদবি গ্রহণ করা কিংবা নিজের জন্মগত নাম ধরে রাখা—দুটিই একজন নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। দিনশেষে বিয়ের সম্পর্কের বাইরে নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রাখার অধিকারই হওয়া উচিত তাঁর প্রধান বিবেচনা।
লেখক: গণমাধ্যম কর্মী।




