ইচ্ছে করলেই তো আর রাতের ঘুম ঘুমানো যায় না, বিশেষ করে সন্ধ্যার পরে ঘণ্টা তিনেকের একটা অনির্ধারিত নিদ্রা হয়ে গেলে! অতঃপর দেশভাবনায় ঘুমের আর অবকাশ কোথায়? একদিকে গোপালগঞ্জের অবুঝ উগ্রদের বাড়াবাড়ি, সন্ত্রাস, অগ্নিসংযোগ করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা; পাশাপাশি অনলাইন জুড়ে হুমকি-ধমকির মহড়া। খোঁজখবর তো নিতেই হয়। তিনি আসার মতো পরিস্থিতিতে নেই, অথচ তাকে ঘিরে ফাঁকা আওয়াজের কমতি নেই। এতে লাভের চেয়ে ক্ষতিই হবে নিষিদ্ধ লীগের, আর পিঠ লাল হবে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাদের।
রোববার গোপালগঞ্জ শহরে লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স, হাদি চত্বরসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করতে হয়েছে। শেষ পর্যন্ত জেলা প্রশাসক প্রত্যাহার, পুলিশ সুপার বদলি, নতুন কর্মকর্তা নিয়োগ-প্রশাসনিক রদবদলেরও কমতি রইল না। গোপালগঞ্জে এত মাস ধরে কাটাকাটি, হুমকি আর পাল্টা হুমকির পরও আসল কাজের ঠনঠন! ব্রিটিশ আমলের লাঠিয়াল বদলেও বোধ হয় এত দ্রুত প্রশাসনিক কসরত দেখা যেত না।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকার শিল্পাঞ্চল থেকে যে খবর আসছে, তা অবশ্য হাসিঠাট্টার বিষয় নয়। সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে রোববার ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল; এর মধ্যে ৬৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলন, মালিকপক্ষের নিরাপত্তা উদ্বেগ এবং ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির প্রয়োগ-সব মিলিয়ে বিপাকে পড়েছেন শ্রমিক ও শিল্পমালিক উভয়েই। আজ মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা। শ্রমিকের ঘরে বাজারের ব্যাগ ছোট হচ্ছে, মালিকের কপালে রফতানি আদেশ নিয়ে দুশ্চিন্তা, আর দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাতটি পড়েছে অনিশ্চয়তার মুখে।
মজুরি নিয়ে দরকষাকষি হোক, কিন্তু কারখানার দরজা বন্ধ করে কিংবা ইটপাটকেল ছুড়ে কোনো পক্ষেরই স্থায়ী লাভ হবে না। মাঝখানে লাভ কিন্তু প্রতিযোগী প্রতিবেশীর! এ প্রসঙ্গে ডেইলি স্টারের শ্রমিকের অভিযোগ শোনার আহ্বান এবং শিল্পে আলোচনার পরিবেশ ফিরিয়ে আনার সম্পাদকীয় ভাবনাটিও প্রাসঙ্গিক। আরেকটি সম্পাদকীয়তে বাসেল কনভেনশন থেকে বাংলাদেশের সরে না আসার পক্ষে পরিবেশগত দায়বদ্ধতার কথা বলা হয়েছে। উন্নয়নের নামে বর্জ্য ব্যবস্থাপনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অর্থনীতি ও পরিবেশ-দুটিরই হিসাব শেষ পর্যন্ত নাগরিকের জীবনেই এসে মেলে।
ঋণের খাতার দিকেও একটু চোখ বোলানো দরকার। একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিদেশি ঋণের পরিমাণ এক দশকে বিদেশি ঋণ তিন গুণ হয়েছে; বাড়ছে ঋণ পরিশোধের চাপও। ঋণের ভার সামলাতে সরকার আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করছে, আগামী জানুয়ারির শুরুতে প্রথম উদ্যোগ নেওয়ার কথাও আলোচনায় এসেছে। নিউইয়র্কের ডলার বন্ড, হংকংয়ের ইকুইটি ফান্ড, সামুরাই ও পান্ডা বন্ড-বিকল্প অর্থায়নের নানা পথ খোঁজা হচ্ছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনে ঋণের তথ্য প্রকাশ ও টেকসই ঋণনীতির ওপর গুরুত্ব দিয়েছেন। কথাগুলো ভালো, তবে বিদেশি ঋণ নিয়ে প্রকল্প করা সহজ, কিস্তি শোধের সময়ই আসল পরীক্ষা। অন্যদিকে রমজানের বাজারে কিছুটা স্বস্তি দিতে সরকার আমদানিকৃত খেজুরের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে। আপেল ও মাল্টার ওপর সামগ্রিক করভারও ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে ৬১ শতাংশে নামানোর সিদ্ধান্ত হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। একই মন্ত্রিসভা নিয়মিত ব্যবসাপ্রতিষ্ঠানের মাসিক ভ্যাট রিটার্ন পুনর্বহালের খসড়ায়ও অনুমোদন দিয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বাজারে কতটা প্রভাব পড়ে, সেটিই দেখার বিষয়। কারণ শুল্ক কমানোর খবর শুনে ক্রেতার মুখে হাসি ফুটলেও বাজারের সিন্ডিকেটের মুখে হাসি আরও চওড়া হয়ে গেলে লাভ কী?
এদিকে হাইকোর্ট নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন, আতশবাজি ও পটকা বন্ধে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালতের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থা এবং অভিযোগ জানানোর কার্যকর পদ্ধতি গড়ে তোলার কথাও বলা হয়েছে। ঢাকার নাগরিকের কানে একটু শান্তি পৌঁছাক-এটুকু প্রত্যাশা কি খুব বেশি?
সামাজিক মাধ্যমে গতকালের দুটি বিষয় বেশ আলোচনায় এসেছে। প্রথমটি আসিফ মাহমুদের সেই দুই সপ্তাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাওয়ার স্ট্যাটাস। কেউ নিয়েছেন রসিকতা হিসেবে, কেউ দেখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি রাজনৈতিক চাপ হিসেবে। দ্বিতীয়টি রাজশাহীর তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মো. নাহিদ আলমের দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা অর্জন। তার তৈরি LexGlobal BD কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাধারণ মানুষের কাছে আইনি তথ্য ও সেবা সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে। একদিকে দায়িত্ব চেয়ে সামাজিক মাধ্যমে চ্যালেঞ্জ, অন্যদিকে প্রযুক্তি দিয়ে কাজ করে স্বীকৃতি অর্জন-দুটি ঘটনার মধ্যে পার্থক্যটি বেশ শিক্ষণীয়। সামাজিক মাধ্যমের সব আলোচনাই অবশ্য দীর্ঘস্থায়ী হয় না; কিন্তু কাজের ফল থেকে যায়।
আন্তর্জাতিক ক্যানভাসে তাকালে দেখা যায়, ভূ-রাজনীতির টেবিলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পরাশক্তিগুলোর শীতল দমকল বাহিনী বেশ সক্রিয়। সবাই নিজের তন্দুরে একটু রুটি সেঁকে নিতে চায়, আর সাধারণ মানুষ ভাবে এই দাবানল কবে এসে তার ছোট্ট কুঁড়েঘর স্পর্শ করে।ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে তিন দিনের আসিয়ান শীর্ষ সম্মেলন।
মিয়ানমারের সংকট, দক্ষিণ চীন সাগরের বিরোধ, জ্বালানি নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতা আলোচনার কেন্দ্রে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরও সম্মেলনের কূটনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের একজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে উভয় পক্ষ।
ইরানের বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবির বিপরীতে বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন লাগার খবরও নতুন উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের মানচিত্রে রেখা বদলায়, কিন্তু তার আগুনে পুড়ে সাধারণ মানুষের ঘরবাড়ি।
দিনের শুরুতে নাগরিক জীবনের এই দৌড়ঝাঁপ দেখে মনে হয়, আমরা যেন এক অন্তহীন হিসাবের খাতায় বসবাস করছি। লগি-বৈঠা কিংবা ডিজিটাল হুংকার—কোনোটিই মানুষের ভাতের থালায় এক মুঠো অতিরিক্ত ডাল যোগ করতে পারে না। ক্ষমতার রদবদল আসে যায়, কর্মকর্তারা নতুন কর্মস্থলে যান, আর সাধারণ মানুষ ফুটপাতের ধুলা গায়ে মেখে আবার পরদিনের কাজের প্রস্তুতি নেয়।
প্রকৃতির নিয়ম বড় সোজা; বড় বড় তর্জন-গর্জন একসময় থেমে যায়, পড়ে থাকে মানুষের কাজের ফল। তাই হুজুগে মেতে নাও ভাসানোর চেয়ে আসুন, নিজের বিবেকটাকে একবার ঝালিয়ে নেই। কারণ হুংকারে আকাশ কাঁপলেও দিনশেষে চালের দাম কিন্তু কমে না।
লেখক: সাবেক সিনিয়র সচিব।




