সড়কে নিরাপত্তাহীনতা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। সড়ক দুর্ঘটনা দেশে এক গুরুতর জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে পঙ্গুবরণ করা মানুষের সংখ্যা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে প্রাণ, মানুষ হারাচ্ছে প্রিয়জন। এই লেখাটা যখন লিখছি তখনো হয়ত দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে।
একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই পাল্টে দেয় একজন মানুষের জীবনের সাজানো গতিপথ। প্রতিটি মৃত্যুর পেছনে থাকে একেকটি পরিবার, একেকটি অসমাপ্ত গল্প। সন্তান হারিয়ে কেউ হচ্ছেন শোকাহত, কেউ বাবা-মাকে হারিয়ে হচ্ছে এতিম, স্বামীকে হারিয়ে কেউবা হচ্ছেন বিধবা। শুধু তাই নয়, একজন উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে একটি পরিবার আর্থিক সংকটে পড়ে, সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে স্বামীকে হারিয়ে স্ত্রীকে সন্তানদের নিয়ে নতুন করে বেঁচে থাকার সংগ্রামে নামতে হয়। এভাবেই একটি সড়ক দুর্ঘটনা অনিশ্চিত করে দেয় অনেকের ভবিষ্যৎ।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪,২৩৩টি। এসব দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৫,২৪৬, আহতের সংখ্যা ৭,৫৪৪ জন।
অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশে ৪,২৮৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত ৪,১৫৭ জন এবং আহত ৫,৩৯১ জন, যা দুর্ঘটনার তীব্রতা ও নিয়মিত প্রাণহানির চিত্র তুলে ধরে।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা ক্রমাগত বাড়ছে। দেশে ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনা সম্পর্কিত রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে তৈরি ওই প্রতিবেদনে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় পুরো পরিবার অথবা একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। সড়কে ৩০০ পরিবার নিশ্চিহ্ন হওয়ার ঘটনা প্রমাণ করে আমাদের দেশের সড়ক-মহাসড়কগুলো কতটা অরক্ষিত আমাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ।
বড় দুর্ভাগ্যের বিষয় হলো- প্রতিদিন নিহতের তালিকায় নতুন নতুন নাম যুক্ত হলেও টনক নড়ছে না রাষ্ট্রের বা সংশ্লিষ্ট দফতরগুলোর, যার ফলে সড়ক মহাসড়কগুলো অরক্ষিতই থাকছে। সড়ক দুর্ঘটনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। অনেক সভা সমাবেশ, র্যালি, সেমিনার-সিম্পোজিয়াম হলেও কমছে না দুর্ঘটনা?
সড়কে বড় কোনো দুর্ঘটনা ঘটলে হয়তো কিছুদিন আলোচনা হয়, তদন্ত কমিটি গঠনের ঘোষণা আসে, দায়ীদের বিচারের আশ্বাস দেওয়া হয়। তারপর আবার সবকিছু আগের মতো চলতে থাকে। নতুন দুর্ঘটনা পুরোনো দুর্ঘটনার খবরকে আড়াল করে দেয়। এভাবে মৃত্যুর খবরের সঙ্গে আমরা যেন অভ্যস্ত হয়ে উঠছি।
সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রথমত আমরা এখনো প্রশিক্ষিত চালক তৈরি করতে পারিনি। এখনো অদক্ষ চালকের হাতে গাড়ির স্টিয়ারিং, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। অনেক সময় ড্রাইভারের জায়গায় হেলপার চালাচ্ছে গাড়ি, ফলে ঘটছে দুর্ঘটনা। এই খাতে দক্ষ চালক তৈরিতে মালিক সমিতি ও সরকারকে যৌথ উদ্যোগ নিতে হবে।
দ্বিতীয় বিষয়টি হলো, এখনো সড়কে অবাধে ফিটনেসবিহীন গাড়ি চলছে, ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় নামছে, যা রাস্তার মাঝে চলন্ত অবস্থায় নষ্ট হয়ে সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে বা তীব্র যানজট সৃষ্টি করছে।
তৃতীয়ত, অতিরিক্ত গতি এবং অবৈধ ওভারটেকিংয়ের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে, অনেক সময় চালক সময় বাঁচাতে নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চালিয়ে থাকে এবং আগে পিছে কোন গাড়ি আসছে কিনা তা না দেখেই একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে। চতুর্থত, অনেক সময় চালক একাধিক ট্রিপ গাড়ি চালাতে গিয়ে বিশ্রাম না নিয়ে গাড়ি চালিয়ে থাকে এবং অনেক সময় শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালায়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে; পঞ্চমত, চালকদের সচেতনতার অভাব; অনেক সময় কানে হেডফোন লাগিয়ে বা ফোনে কথা বলা অবস্থায় বা মাদক গ্রহণ করে গাড়ি চালাচ্ছে, যার ফলে দুর্ঘটনা ঘটছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল চালক বা পথচারীর ওপর চাপিয়ে দেওয়ারও সুযোগ নেই। রাষ্ট্রের দায়িত্ব হলো এমন একটি পরিবহনব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন মানুষ ঘর থেকে বের হলে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা পাবেন। সড়ক নির্মাণ, যানবাহনের ফিটনেস পরীক্ষা, চালকের লাইসেন্স প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ-প্রতিটি ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করতে হবে।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, এসব দুর্ঘটনার বড়ো অংশ সচেতনতা, জবাবদিহি এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এর জন্য চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা, চুক্তিভিত্তিক মজুরি পদ্ধতির পরিবর্তে স্থায়ী বেতন ব্যবস্থা চালু, ট্র্যাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সড়কে আধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করা জরুরি।
অন্যদিকে কঠোর আইন, যেমন: সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রণয়ন করা হলেও পরিবহন মালিক ও শ্রমিক সমিতির চাপের মুখে অনেক সময় শাস্তি বা আইন প্রয়োগে শিথিলতা দেখানো হয়। যার ফলে চালকদের মাঝে আইন না মানার প্রবণতা বাড়ছে। তাই নানা উদ্যোগ সত্ত্বেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। চালকদের বেপরোয়া মনোভাব ও অদক্ষতার কারণে বারবার তা ব্যর্থ হচ্ছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা।
সড়ক দুর্ঘটনা রোধে মালিক, পরিবহন কোম্পানি, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এবং আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। তাই যে-কোনো উদ্যোগ বাস্তবায়নে দরকার ইতিবাচক মানসিকতা ও সমন্বিত পদক্ষেপ। দেশে এ মুহূর্তে সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক, শ্রমিকদের পাশাপাশি যাত্রীদের সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগ করা জরুরি।
দুর্ঘটনা রোধে শুধু চালকের প্রতি দায় আরোপ নয়; মানসম্মত হেলমেট, কার্যকর গতিনিয়ন্ত্রণ, রোড ডিভাইডার ,যানবাহনের ফিটনেস যাচাই, চালকের প্রশিক্ষণ ও বিশ্রাম এবং ট্রাফিক আইনের ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বতন্ত্র ও কার্যকর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা জরুরি, যারা পরিবহন ব্যবস্থার নিয়মতান্ত্রিকতার ধারাবাহিকতা ও আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং যাত্রীসেবার মান উন্নত করবে।
লেখক: প্রকৌশলী ও কলামিস্ট।




