রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

অবসান হোক ভুল বোঝাবুঝির

ব্যারিস্টার আবু সায়েম
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

অবসান হোক ভুল বোঝাবুঝির

সানজিদা ইসলাম তুলিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ২০১৪ সালের দিকে লন্ডনে আমাদের প্রথম পরিচয়। ভদ্রতা, নম্রতা, শিক্ষিত পরিবারের মূল্যবোধ সবকিছুই তার আচরণে ছিল স্পষ্ট। সে সময় মানবাধিকার নিয়ে আমার সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়, যা আমাকে আজও নাড়া দেয়।

হাসিনার পৈশাচিক সরকারের গুম রাজনীতির নির্মম শিকার ছিল তার ভাই সুমন। ভাইকে খুঁজে না পেয়ে তুলি শুধু নিজের পরিবারের পক্ষেই নয়, গুম হওয়া প্রতিটি পরিবারের জন্য ন্যায়বিচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। তার ‘মায়ের ডাক’ সাড়া ফেলেছে গোটা দুনিয়ায়।


বিজ্ঞাপন


মানবাধিকার নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বহু বছর কাজ করতে করতে আমি নিজেও গুম, খুন, নিপীড়নের শিকার পরিবারগুলোর একজন হয়ে গেছি। আর বছরের পর বছর নিজের ভাই হারানোর যন্ত্রণার মধ্য দিয়ে তুলি হয়ে গেছে আমাদের সবার বোন। আমরা সবাই এখন তার ভাই, তার সংগ্রামের সঙ্গী।

আজ তুলি বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করছে। সংসদে যেতে পারলে অবশ্যই সে ভালো করবে, বঞ্চিত মানুষের জন‍্য কাজ করবে-এ আস্থা আমার অটুট। কিন্তু ধর্মীয় বিষয়ে সংবেদনশীল একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী তুলির বিরুদ্ধে কথা বলছে। নিকৃষ্ট ভাষাতে বিষোদগার করতে ছাড়ছে না অনেকে। আমি মনে করি, এমন ব‍্যবহার তুলির প্রাপ্য নয়।

আমি স্পষ্ট করে বলতে চাই-তুলিকে যেভাবে আমি চিনি, তাতে সে কখনোই ইসলামকে আঘাত করে বা ইসলামের বিধানকে অস্বীকার করে কোনো বক্তব্য দিতে পারে না। সে নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়ে কথা বলতে চেয়েছিল-কিন্তু উপস্থাপন সঠিক হয়নি। তবে তার মধ্যে ইসলামের প্রতি কোনো বিদ্বেষ ছিল-এটা হতে পারে না। তার শিক্ষা, ব্যক্তিগত জীবন, স্বভাব, আচরণ, পারিবারিক পরিবেশ কিছুই ধর্মবিরোধী নয়।

তুলির পেছনে যারা ঘৃণার ঝড় তুলছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, এই মেয়েটি নিজের ভাইকে হারানো এক যোদ্ধা, গুম হওয়া মানুষদের অধিকার আদায়ের এক সাহসী কণ্ঠ। আমরা কেন তাকে দূরে ঠেলে দেব?


বিজ্ঞাপন


তুলির পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি সেটি পালন করছি। তার বক্তব্যে যারা আহত হয়েছেন, তুলি তাদেরও আপনজন। তারাও নিশ্চয়ই সহানুভূতি ও ক্ষমার উদারতা নিয়ে তার পাশে দাঁড়াবেন।

কথার ভুলের কারণে তুলিকে অব‍্যাহতভাবে আক্রমণ করতে থাকলে আমরা শুধু একজন মানুষকেই নয়, একটি সংগ্রামকেও হারাব।

লেখক: আইনজীবী, মানবাধিকার কর্মী ও রাজনীতিক

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর