রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের আই ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের আই ক্যাম্প

চট্টগ্রামের বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর সেবাধর্মী প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির আয়োজনে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ৬ শতাধিক গ্রামবাসী সেবা গ্রহণ করেছেন।

চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের কারিগরি সহায়তায় চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি রোগী শনাক্তকরণ, চশমা বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এর পাশাপাশি বৃক্ষরোপণসহ শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

Photo_1

সামাজিক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, গবাদিপশু ও সেলাই মেশিন বিতরণ এবং ঢেউটিন প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদানসহ ধর্মীয় শিক্ষায় উৎসাহ দিতে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির সভাপতি লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী এবং সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।

অতিথি হিসেবে সালমা আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

Photo

 প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের সমন্বিত মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

লায়ন সালমা আদিল তার বক্তব্যে জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করাই তাদের মূল লক্ষ্য। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, জিএসটি লায়ন হেলাল উদ্দিন, জিএলটি লায়ন মুহাম্মদ মুসা ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

লায়ন শওকত চৌধুরী, এমজেএফের সঞ্চালনায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর