উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে পর্দা নামলো ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর দ্বিতীয় আসরের। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ব্যানারে নাটমেগ আয়োজিত এই টুর্নামেন্টে ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। মোট ৫০টি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্য দিয়ে এই আয়োজন দেশের অন্যতম বড় কর্পোরেট স্পোর্টিং প্ল্যাটফর্ম হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছে।
সবচেয়ে কাঙ্ক্ষিত কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রবি আজিয়াটা পিএলসি এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ। নির্ধারিত সময়ে দুই দলই দারুণ রক্ষণাত্মক নৈপুণ্য প্রদর্শন করায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় রবি। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবির শাকিব। অন্যদিকে, দিনের শুরুতে অনুষ্ঠিত প্লেট ফাইনালে শেভরন বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকার পর নাটকীয় সাডেন-ডেথ টাইব্রেকারে জয় নিশ্চিত করে তারা। প্লেট ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্ট্যান্ডার্ড চার্টার্ডের তুর্য।
বিজ্ঞাপন
পুরো টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়েন। ডিএইচএল-এর শাহীনুর ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। একই দলের সৈকত ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জিতে নেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার। এছাড়া রবির গোলরক্ষক মুসাব্বির গুরুত্বপূর্ণ সেভ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে সেরা গোলরক্ষক নির্বাচিত হন। টুর্নামেন্টজুড়ে অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতিস্বরূপ লাফার্জ হোলসিম বাংলাদেশ অর্জন করে ‘ফেয়ার প্লে ট্রফি’।

ফাইনাল ম্যাচ শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইসিসিআই-এর পরিচালক এম এইচ এম ফাইরোজ, নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো. জুবায়েদ উল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাকপেজ পিআর-এর ডিরেক্টর সাব্বির ফেরদৌস, নভোএয়ার-এর সেলস ইন-চার্জ মাজহারুল কবির এবং নাটমেগ-এর ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম।
বিজ্ঞাপন
গত কয়েক সপ্তাহ ধরে এই টুর্নামেন্টটি মাল্টিন্যাশনাল ও কর্পোরেট অঙ্গনে প্রাণবন্ত এক ক্রীড়া পরিবেশ তৈরি করেছে। ফুটবলের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও পেশাদার সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এই আয়োজন কর্পোরেট কমিউনিটির মধ্যে ফুটবল সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রেখেছে। এবারের আসরে টাইটেল স্পনসর হিসেবে ছিল অ্যাক্সেনটেক। কো-স্পনসর হিসেবে সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।
এজেড




