বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের পর্যটন অংশীদারদের মধ্যে সমন্বয় বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘শ্রীলঙ্কা ট্যুরিজম – মিডিয়া নেটওয়ার্কিং সেশন’। রবিবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল লে মেরিডিয়ান ঢাকার ‘কুয়াকাটা’ হলে শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো (SLTPB) এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার এইচ. ই. ধর্মপাল বীরক্কোডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান মিস্টার বুদ্ধিকা হেওয়াওয়াসাম এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সভাপতি মিস্টার মোহাম্মদ রাফুজ্জামান।
বিজ্ঞাপন
হাই কমিশনার এইচ. ই. ধর্মপাল বীরক্কোডি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। এই ধরণের আয়োজন দুই দেশের পর্যটন শিল্পের বিকাশে মাইলফলক হয়ে থাকবে।”
অনুষ্ঠানে শ্রীলঙ্কার পর্যটন আকর্ষণগুলোর ওপর একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে শ্রীলঙ্কার বৈচিত্র্যময় গন্তব্য, বিলাসবহুল ভ্রমণ সুবিধা (Luxury Travel), ফ্যামিলি ট্রাভেল এবং দুই দেশের মধ্যে উন্নত বিমান যোগাযোগ ও আবাসন সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান মিস্টার বুদ্ধিকা হেওয়াওয়াসাম জানান, শ্রীলঙ্কা বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম সেরা নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃত। বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কায় এখন আরও সাশ্রয়ী প্যাকেজ ও উন্নত সেবা নিশ্চিত করা হচ্ছে।
টোয়াব (TOAB) সভাপতি মিস্টার মোহাম্মদ রাফুজ্জামান দুই দেশের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এই ধরণের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কার পর্যটন সম্ভাবনা, এয়ারলাইনস কানেক্টিভিটি এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এজেড

