‘দৃষ্টি জুড়ে দেশ’—এই স্লোগানে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ আজ পা রাখলো ২১ বছরে। ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করা এই চ্যানেলটি গত দুই দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে দেশ ও বিদেশের বাংলাভাষী দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলামোটরের টাওয়ারে অবস্থিত চ্যানেলটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সংস্কৃতি জগতের তারকারা উপস্থিত থেকে চ্যানেলটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
বিজ্ঞাপন
শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের মালিকানাধীন এই চ্যানেলটি ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাভিশন। বিনোদনমূলক অনুষ্ঠান, নাটক, টক-শো এবং বস্তুনিষ্ঠ সংবাদের জন্য চ্যানেলটি সর্বমহলে প্রশংসিত।
বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক এক বিশেষ বাণীতে দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, ২১ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেলটি তার দর্শকদের জন্য আরও মানসম্মত ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকার করছে। আজ দিনব্যাপী এই আনন্দ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।
এজেড

