মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নিজ এলাকায় সুষ্ঠু ভোট চাইলেন বঙ্গবীর, আশ্বস্ত করলেন সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৩, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

নিজ এলাকায় সুষ্ঠু ভোট চাইলেন বঙ্গবীর, আশ্বস্ত করলেন সিইসি

নিজ এলাকা টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবি জানাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তিনি সিইসিকে জানিয়েছেন, বাসাইলে সুষ্ঠু ভোট হলে তার দল নির্বাচনে অংশ নেবে। এমনকি জাতীয় নির্বাচনেও অংশ নেবে।

তার এমন বক্তব্যের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচনের জন্য সাধ্যমত চেষ্টা করবে বলে আশ্বাস করেছেন সিইসি।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় সিইসিও তার পাশেই দাঁড়ানো ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর আমাদের দল কোনো নির্বাচনে অংশ নেয়নি। টাঙ্গাইলের বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। আমরা জানতে এসেছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, সরকারের প্রভাবমুক্ত করতে পারবে কি না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে পারলে আমরা অংশগ্রহণ করব। আর বাসাইল নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনে অংশ নেব।’

CSEকোন দল নির্বাচনে অংশ নিল, তার চেয়ে বড় বিষয় কত মানুষ ভোট দিতে পারল উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন হওয়া উচিৎ অবাধ, নিরপেক্ষ। কোন দল অংশগ্রহণ করল, কটি দল অংশ নিল তার চেয়ে বড় বিষয় কত মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারল। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, আশা করি তা তারা রাখবে। সহিষ্ণু নির্বাচনের মাধ্যমে আবার প্রাণ ফিরে পাবে।’

কাদের সিদ্দিকী বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছে তাদের সাধ্যমতো সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইল পৌরসভা নির্বাচন উপহার দেবে। আজকে নির্বাচন কমিশনের অনেকগুলো কথার সঙ্গে একমত পোষণ করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নির্বাচনের সময় নির্বাচন কমিশন হচ্ছে ‘সরকার’। দলীয় সরকার থাকবে আজ্ঞাবহ। তবে এটা ততটা দেখা যায় না। আমরা প্রত্যাশা করব, পূর্বদিক দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যাওয়ার আগেই এই পরিবর্তন যেন দেখতে পাই।’’

এ সময় সিইসির সঙ্গে অন্য তিন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। অন্যদিকে বঙ্গবীরের সঙ্গে ছিলেন তার দলের শীর্ষ নেতারা।

বিইউ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর