মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়েছে: সিইসি
ফাইল ছবি

নানা অনিয়মের কারণে গত অক্টোবরে বন্ধ করে দেওয়া গাইবান্ধা-৫ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হয়েছে। ভোট পড়েছে ৩৫ শতাংশের কম বা বেশি। শৈতপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে ভোটে কোনো অনিয়ম হয়নি।

এ সময় গতবার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, এ বিষয়ে জানতে দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে।

Electionএর আগে আসনটির ১৪৩টি কেন্দ্রে বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ দিন নির্বাচন শুরুর পর ভোটের চিত্র নিয়ে কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেছিলেন, কেন্দ্রে ভোট ডাকাত নেই। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি। ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন, ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ওখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনও আমাদের চোখে পড়েনি।

এদিকে, ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন, ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে ভোটকেন্দ্রগুলোয় স্থাপন করা হয়েছিল ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা। যা পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং সেলও গঠন করেছিল ইসি। সেই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ করার জন্য বিজিবি, র‌্যাবের মোবাইল টিম ছাড়াও পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। ফলে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

গত ১২ অক্টোবর সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে ব্যাপক অনিয়মের পর প্রথমে ৫১ কেন্দ্র এবং পরে পুরো নির্বাচন বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর