অনলাইন জুয়া খেলে দেশ থেকে চার কোটি টাকা বিদেশে পাচার করেছে একটি চক্র। চক্রটির তিন সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে ধরা পড়লে তাদের কাছ থেকে এমন তথ্য জানতে পারে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।
সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংকালে রাশিয়া থেকে পরিচালিত বেটিং সাইটটি নজরে আসে। সেখানে অনলাইনে বেটিং করা হয় বা জুয়া খেলা হয়। যেখানে দেশের গ্রামাঞ্চল পর্যন্ত অল্পশিক্ষিত থেকে শুরু করে অর্ধশিক্ষিত পর্যন্ত মানুষ খেলেন। এ বিষয়ে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার সার্বিক তত্ত্বাবধানে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা ছায়া তদন্ত শুরু করে। তদন্ত শেষে সাইটটি পরিচালনার সঙ্গে যুক্ত তিনজনকে শনাক্ত করে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল আউয়াল ও মো. তোরাফ হোসেন। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, চারটি এজেন্ট সিম, দুটি মার্চেন্ট সিম, নগদের একটি ডিএসও সিম, দুটি পার্সোনাল সিমসহ মোট ১২টি সিম ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
রেজাউল মাসুদ জানায়, একজন জুয়াড়ি মোবাইল নম্বর/ইমেইলের মাধ্যমে এই বেটিং সাইট ওপেন করেন। অ্যাকাউন্টের বিপরীতে একটি ই-ওয়ালেট তৈরি হয় যাকে জুয়াড়িরা ইউএসডিটি বলে। শুরুতে এর ব্যালান্স শূন্য থাকে। ওয়ালেটে ব্যালান্স যোগ করার জন্য অনেক মাধ্যম রয়েছে। এর মধ্যে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্রাস্ট এজিয়াটা অন্যতম। এগুলোর যেকোনো একটি বেছে নিলে সেখানে একটি এজেন্ট নাম্বার দেখায় যেখানে ন্যূনতম ৫০০ টাকা দিলে কিছুক্ষণের মধ্যে ই-ওয়ালেট বা ইউএসডিটি ব্যালান্স যুক্ত হয়ে যায়। এ টাকা অথবা ব্যালান্স দিয়ে তিনি পরবর্তীতে জুয়া খেলতে পারেন।
এমআর




