রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী
জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী লতিফুল ইসলাম শিবলী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী লতিফুল ইসলাম শিবলী। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে গ্রেড-১ পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. লতিফুল ইসলাম শিবলীকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ, নাটোর জেলায় জন্ম নেওয়া লতিফুল ইসলাম শিবলী নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম পরিচিত গীতিকার হিসেবে জনপ্রিয়তা পান। ওই দশকজুড়ে তিনি ৪০০টির বেশি গান লিখেছেন। তার লেখা বেশ কয়েকটি গান বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ ও ‘মাকে বলিস’ গানগুলোর গীতিকার তিনি। জেমসের কণ্ঠে ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’, ‘মন্নান মিয়ার তিতাস মলম’ ও ‘গিটার কাঁদতে জানে’ গানগুলোও লিখেছেন তিনি। এ ছাড়া তপন চৌধুরী ও শাকিলা জাফরের গাওয়া ‘তুমি আমার প্রথম সকাল’, মাইলসের ‘পলাশীর প্রান্তর’ এবং সোলসের ‘হাজার বর্ষা রাত’ গানগুলোর সঙ্গে যুক্ত ছিলেন শিবলী।

সংগীতের পাশাপাশি গবেষণা ও সাহিত্যচর্চায়ও যুক্ত রয়েছেন তিনি। বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তার ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ শীর্ষক গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ। ১৯৯৭ সালে প্রকাশিত বইটিকে বাংলা ব্যান্ড সংগীত নিয়ে লেখা প্রথম ও একমাত্র গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ হিসেবে উল্লেখ করা হয়।

চলচ্চিত্রেও কাজ করেছেন লতিফুল ইসলাম শিবলী। তার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’। এ ছাড়া ‘সং অব বিলিভ’ নামে একটি ব্যান্ড দল গঠন করেছেন তিনি। উপন্যাসিক হিসেবেও পরিচিত শিবলীর বেস্টসেলার উপন্যাসের মধ্যে রয়েছে ‘দারবিশ’ ও ‘আসমান’।

এএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর