ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক কয়েদি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ওই কয়েদির নাম মো. হারুন অর রশিদ (৬০)। তিনি রাজবাড়ী জেলার সদর থানার রসুলপুর গ্রামের মৃত হোসেন ভূঁইয়ার ছেলে। তার কয়েদি নম্বর ৩৭৩৯/এ।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমন জানান, মো. হারুন অর রশিদ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আজ দুপুর ২টার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমিসহ অন্যান্য কারারক্ষীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এসআই




