রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

কর্মসংস্থান সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

শেয়ার করুন:

কর্মসংস্থান সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ
ছবি: সংগৃহীত

শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থান সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক কর্মীরা। তাই কর্মীদের ন্যায্য অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর অভিষেক ও পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের কেবল কর্মচারী হিসেবে বিবেচনা করলে চলবে না। প্রত্যেকেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম, ঐতিহ্য ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার। প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সম্মিলিত ভূমিকা রয়েছে।

শ্রমিকদের সমস্যা ও দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ন্যায্য দাবি বা সমস্যা থাকলে তা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। 

বিরোধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা এবং বৈরিতার পরিবর্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে। এতে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

নব নির্বাচিত ইউনিয়ন কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন ও ব্যবসায়িক সাফল্য অর্জনে নতুন কমিটি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নবনির্বাচিত ইউনিয়নের নেতারা এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর