শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানের সাবেক সতীর্থদের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের পুনর্মিলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের সাবেক সতীর্থদের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের পুনর্মিলন
> জাতীয় পুরোনো সতীর্থদের সঙ্গে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়কের পুনর্মিলন। ছবি: সংগৃহীত

একসময় পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ষাটের দশকে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন, খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতেও। ফুটবল মাঠের সেই পুরোনো সতীর্থদের সঙ্গে দীর্ঘদিন পর আবার দেখা হলো তাঁর। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পাকিস্তান ফুটবল ফেডারেশন তাঁকে সাবেক সতীর্থদের স্বাক্ষরসংবলিত জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দেয়।

হাফিজ উদ্দিন আহমদের পরিচয় কেবল বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা কিংবা রাজনীতিবিদ হিসেবে নয়; একসময় ফুটবল মাঠেও ছিল তাঁর দাপুটে উপস্থিতি। ঢাকার ফুটবল অঙ্গনে পরিচিত ফরোয়ার্ড ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিকসেও ছিল তাঁর সাফল্য। গতির কারণে সতীর্থদের উৎসাহে দৌড়েও অংশ নেন এবং পূর্ব পাকিস্তানের রেকর্ড গড়েন।

১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে নিয়মিত খেলেছেন হাফিজ উদ্দিন। ১৯৬৮ সালে দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়া বাঙালি ফুটবলারদের মধ্যে তিনি ছিলেন ব্যতিক্রমী। পাকিস্তান, ইরান ও তুরস্কের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আরসিডি) কাপ ফুটবল প্রতিযোগিতায়ও পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফুটবলার হিসেবে তাঁর উত্থান। আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা দুটি হ্যাটট্রিক করে আলোচনায় আসেন। এরপর ১৯৬২ সালে ফায়ার সার্ভিস দলের হয়ে ঢাকা ফুটবল লিগে খেলা শুরু করেন। ১৯৬৫ সাল পর্যন্ত সেখানে খেলেন। পরে দুই মৌসুম ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে কাটিয়ে ১৯৬৮ সালে যোগ দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৭৮ সালে ফুটবল থেকে অবসর নেওয়া পর্যন্ত সাদা-কালো জার্সিতেই খেলেছেন তিনি।

ফরোয়ার্ড হিসেবে তাঁর বড় শক্তি ছিল গতি ও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করার দক্ষতা। ১৯৭০ সালের ২৭ জুন পাকিস্তান অবজারভার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে দেশের অন্যতম ক্ষুরধার ও গতিময় উইঙ্গার হিসেবে বর্ণনা করা হয়। বল পায়ে প্রতিপক্ষের এক-দুজন খেলোয়াড়কে কাটিয়ে দ্রুত এগিয়ে গিয়ে জোরালো শটে গোল করার ক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছিল ওই প্রতিবেদনে।

মোহামেডানের হয়ে একাধিক সাফল্য পেয়েছেন হাফিজ উদ্দিন। ১৯৬৯, ১৯৭৫, ১৯৭৬ ও ১৯৭৮ সালে ঢাকা লিগের শিরোপা জেতে দলটি। ১৯৬৮ সালে জেতে আগা খান গোল্ড কাপ। ১৯৭৬ সালে মোহামেডানের অধিনায়কত্বও করেন তিনি। আবাহনী-মোহামেডান দ্বৈরথেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। ঢাকা ডার্বিতে আবাহনীর বিপক্ষে ১০ ম্যাচে সাতটি গোল করেছিলেন তিনি।

ঢাকা লিগে এক ম্যাচে ছয় গোল করাও তাঁর ফুটবলজীবনের স্মরণীয় ঘটনা। ফায়ার সার্ভিসের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমে টানা ছয়টি গোল করেন তিনি। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে ঢাকা লিগে এটিই প্রথম ডাবল হ্যাটট্রিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ম্যাচ শুরুর আগে ফায়ার সার্ভিসের কয়েকজন খেলোয়াড় তাঁকে বেশি গোল না করার অনুরোধ করেছিলেন। কিন্তু মাঠে নেমে প্রথমে দুটি গোল করেন হাফিজ উদ্দিন, এরপর পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রতিপক্ষের এক খেলোয়াড় তাঁকে আর গোল না করার অনুরোধ জানালেও শেষ পর্যন্ত ছয় গোল পূর্ণ করেন তিনি। এ কীর্তি তাঁকে ঢাকা ফুটবলের আলোচিত খেলোয়াড়দের একজন করে তোলে।

ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিকসেও ছিলেন সমান প্রতিভাবান। তাঁর দৌড়ের গতি দেখে বন্ধুরা স্প্রিন্টে অংশ নেওয়ার পরামর্শ দেন। ১৯৬৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০০ মিটার দৌড়ে শিরোপা জিতে সবাইকে চমকে দেন তিনি।

১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান অ্যাথলেটিকস দলের সদস্য ছিলেন হাফিজ উদ্দিন। ১৯৬৫ সালে ১০০ মিটার দৌড়ে প্রাদেশিক চ্যাম্পিয়ন হন। পরের বছর ২০০ মিটারে পূর্ব পাকিস্তানের রেকর্ডের সমান সময় করেন। টানা তিনবার অল পাকিস্তানের দ্রুততম মানব হওয়ার কৃতিত্বও ছিল তাঁর।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন হাফিজ উদ্দিন আহমদ। তবে স্বাধীন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে তাঁর খেলা হয়নি। ১৯৭৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রথম জাতীয় দল গঠনের সময় তাঁকে দলে রাখা হয়নি।

দল ঘোষণার সময় ঢাকা লিগের দুটি ম্যাচে সাতটি গোল করেছিলেন হাফিজ উদ্দিন। তারপরও জাতীয় দলে জায়গা না পাওয়ায় হতাশ হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সাক্ষাৎকারে এ বাদ পড়ার পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগও তুলেছিলেন। ১৯৭৮ সালে মোহামেডানের হয়ে শেষ ম্যাচ খেলে ফুটবল থেকে অবসর নেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ হলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি হাফিজ উদ্দিন। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহসভাপতি এবং ফিফার আপিল ও ডিসিপ্লিন কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। ২০০৪ সালে ফিফার অর্ডার অব মেরিট সম্মাননা পান তিনি। বিশ্ব ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া এ সম্মাননা পাওয়া বাংলাদেশের একমাত্র ফুটবলার তিনি।

সম্প্রতি বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পাকিস্তান সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরে পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয় তাঁর।

পাকিস্তান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলিত হন তিনি। এ সময় ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাঁকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দেন। জার্সিটিতে তাঁর সাবেক সতীর্থদের স্বাক্ষর ছিল। একসময় যাঁদের সঙ্গে একই দলের হয়ে মাঠে নেমেছেন, তাঁদের স্বাক্ষরসংবলিত জার্সি পেয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বাংলাদেশের বর্তমান স্পিকার। পাকিস্তানের ফুটবল অঙ্গনেও তাঁর পুরোনো পরিচয় যে এখনো স্মরণীয়, এ পুনর্মিলন যেন তারই প্রতিফলন।

ফুটবল মাঠ থেকে সেনাবাহিনী, মুক্তিযুদ্ধ, রাজনীতি এবং শেষ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের আসন—হাফিজ উদ্দিন আহমদের জীবনের পথচলা নানা বৈচিত্র্যে ভরা। পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে একসময় মাঠে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনি পরিচিত হয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে। তাঁর ফুটবলজীবনের এ অধ্যায় তাই কেবল ব্যক্তিগত অর্জনের গল্প নয়, উপমহাদেশের ফুটবল ইতিহাসেরও একটি স্মরণীয় অংশ।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর