শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষায় সমান গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার পাশাপাশি অসংখ্য মানুষের জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস এই মাছ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। এ খাতের সঙ্গে মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও প্রক্রিয়াজাতকারীদের পাশাপাশি মূল্যশৃঙ্খলের অসংখ্য মানুষ যুক্ত রয়েছেন। ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইলিশ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী। ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, পানির প্রবাহ ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।

image

মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে বলে জানান মন্ত্রী। গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো গেলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

জেলেদের জীবিকার বিষয়ে মন্ত্রী বলেন, ইলিশের প্রজনন ও সংরক্ষণের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা অপরিহার্য। তবে এ সময়ে বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।

মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে মৎস্যজীবীরা নিজেরা সরাসরি মাছ বিক্রি করতে পারেন না। এতে জেলেরা যেমন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, তেমনি ক্রেতাদেরও বেশি দামে মাছ কিনতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বে অব বেঙ্গল প্রোগ্রাম-ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড. পি. কৃষ্ণান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, মিয়ানমার ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা ড. খিন মং সো এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ. টি. এম. ফারুক-উল-ইসলাম প্রমুখ।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর