রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে কালশী-পূরবী রোডে উল্টা বাবার মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বিহঙ্গন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫) বাসটিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন হোটেলের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে ভেঙে যায়। ঘটনার পর পল্লবী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, পল্লবী থানার কালশী রোডে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে পল্লবী থানার এসআই সোহানুর রহমান বলেন, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী-পূরবী সড়কে উল্টা বাবার মাজারসংলগ্ন রাস্তার পাশে পার্কিং করে রাখা বিহঙ্গন পরিবহনের একটি বাসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন হোটেলের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে যায়।
একেএস




