বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুই দফা চিঠি দিয়েও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের জবাব পায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম

শেয়ার করুন:

দুই দফা চিঠি দিয়েও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের জবাব পায়নি বাংলাদেশ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারকে দুই দফা চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত কোনো চিঠির জবাব পাওয়া যায়নি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় বিষয়টির সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশ ভারতকে দুটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি। ব্যক্তিগতভাবেও তিনি একটি চিঠি পাঠিয়েছেন। সেটিরও কোনো উত্তর আসেনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে নয়, বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে হতে হবে। ভারত বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাবে এবং গঙ্গার পানি বণ্টন সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করে বাংলাদেশ।

আরও পড়ুন: বিনা খরচে মালয়েশিয়ার অভিমুখে ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই সরকার। দেশের পানিসম্পদ সংরক্ষণ, পানির প্রাপ্যতা বাড়ানো এবং উৎপাদন ও উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, তার সঙ্গে কথা হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি।

ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর