রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জে অবৈধভাবে পাইলিং করার কারণে গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলায় দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকার কালিবাড়ী রোডে ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করায় লিকেজের সৃষ্টি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে।
মেরামতকাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এমআর/এআর




