আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফিরবেন, তাঁর ইচ্ছামতো নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সভায় নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, বেতন-ভাতা, প্রশিক্ষণ ও সাংগঠনিক সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং তাঁদের এগিয়ে যাওয়ার সুযোগ বাড়াতে সহযোগিতার নির্দেশনা রয়েছে।
নারীদের নিয়োগ ও পদোন্নতিতে বৈষম্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়, এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত।
নারীদের শিক্ষাগত সাফল্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করছে, অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়েও এগিয়ে রয়েছে। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইসহ বিভিন্ন মূল্যায়নেও নারীদের ভালো ফল দেখা যাচ্ছে। তাই নারী সাংবাদিকদের অবহেলার কোনো কারণ নেই।
নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের জন্য আলাদা প্রশিক্ষণ বা স্বল্পমেয়াদি কোর্স চালু করা যায় কি না, সরকার তা বিবেচনা করবে। এক বা দুই মাসের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করা যেতে পারে। একই সঙ্গে প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও নারী সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু ওয়েজবোর্ড প্রণয়ন নয়, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় মালিকপক্ষকে বিধান অনুসরণ করতে হবে।
সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তা দাবি করা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এ ধরনের দাবি রয়েছে। নারী সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃথক টয়লেটের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে যথাযথভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি। আবেদন করা হলে সহযোগিতার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন।
ফোরামের প্রকাশনা তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত করা গেলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এ জন্য প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে আবেদন করতে হবে। নিয়ম মেনে আবেদন করা হলে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সভায় নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো ও প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন ফোরামের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলোর সম্ভাব্যতা বিবেচনা করে সহযোগিতার আশ্বাস দেন।
এআর




