ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক কনা আক্তার শান্তা পটুয়াখালীর বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।
ঢামেকে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানানো হয়।
তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকেরা ওই নারীকে চিকিৎসক হিসেবে শনাক্ত করতে পারেননি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমএমআর/এএস




