ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (২৪) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি কিডনি ও ক্যানসারজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল্লাহ আল মামুন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মামুন কারাগারে থাকাকালে কিডনি ও ক্যানসারজনিত রোগে ভুগছিলেন। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
নিহত আব্দুল্লাহ আল মামুনের হাজতি নম্বর ৩৩০/২৬। তিনি রাজধানীর রামপুরা এলাকার মোকলেস শেখের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এএস




