বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা-চট্টগ্রাম যোগাযোগে নতুন দিগন্ত, ২৩৩ কিমি এক্সপ্রেসওয়ের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম যোগাযোগে নতুন দিগন্ত, ২৩৩ কিমি এক্সপ্রেসওয়ের পরিকল্পনা
মূল ছবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। উপরে ইনসেটে এক্সপ্রেসওয়ের মডেল

দেশের প্রধান অর্থনৈতিক করিডোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত প্রায় ২৩৩ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ে নির্মাণের বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়েছে। 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মহাসড়কটির ৬৪ কিলোমিটার হবে উড়ালপথে, বাকি প্রায় ১৬৯ কিলোমিটার নির্মিত হবে ভূমিতে। এ পরিকল্পনায় নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। ২০ বছরের পরিচালন ব্যয়সহ প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।

প্রকল্পের নির্মাণ কাঠামো ও অর্থায়ন পদ্ধতি চূড়ান্ত করে দ্রুত কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ২০২৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এক্সপ্রেসওয়ের কতটুকু অংশ উড়ালপথে হবে, অর্থায়ন কীভাবে হবে এবং নির্মাণের দায়িত্ব কোন প্রতিষ্ঠান পাবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রকল্পের কাঠামো চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজধানীর সংযোগকারী এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, বাস ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯২ শতাংশ এবং রফতানি বাণিজ্যের ৮১ শতাংশ এ করিডোরের মাধ্যমে পরিচালিত হওয়ায় এটি দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত। কিন্তু যানবাহনের চাপ, মিশ্র যান চলাচল ও সক্ষমতার সীমাবদ্ধতায় প্রায়ই দীর্ঘ যানজট তৈরি হয়। এতে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি নিরাপত্তাঝুঁকিও তৈরি হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান শিল্পাঞ্চল, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও তৈরি পোশাকশিল্পের সঙ্গে যোগাযোগ সহজ করে পণ্য পরিবহন, শিল্প উৎপাদন ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থাও আরও গতিশীল করতে চায় সরকার।

নির্মাণে তিন বিকল্প, প্রাথমিক পছন্দ ৬৪ কিলোমিটার উড়ালপথ

সওজের প্রস্তাবিত নকশায় এক্সপ্রেসওয়ে নির্মাণের তিনটি বিকল্প রাখা হয়েছে। এর মধ্যে একটি হলো পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার উড়ালপথে নির্মাণ। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি ভূমিতে মহাসড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ৬৪ কিলোমিটার উড়ালপথ ও ১৬৮ দশমিক ৭৬ কিলোমিটার ভূমিতে নির্মাণের বিকল্পটি।

এ বিকল্পে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। ২০ বছরের পরিচালন ব্যয়সহ মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা। অন্য একটি বিকল্পে ৯৫ কিলোমিটার উড়ালপথ এবং বাকি ১৩৮ কিলোমিটার ভূমিতে নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে নির্মাণ ও পরিচালন ব্যয় মিলিয়ে মোট খরচ হবে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি। তৃতীয় বিকল্পে পুরো মহাসড়ক উড়ালপথে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে শুধু নির্মাণেই ব্যয় হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয়সহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।

D
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রাথমিকভাবে বাছাই করা বিকল্পের ব্যয় প্রস্তাবে ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার সড়ক নির্মাণে ২৪ হাজার ৭০০ কোটি এবং উড়াল কাঠামো ও ভিত্তি নির্মাণে ৩৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। এ ছাড়া ৩৫৮ দশমিক ৪০ একর জমি অধিগ্রহণে প্রায় ৩ হাজার ৫৯১ কোটি টাকা, টোল প্লাজা নির্মাণে ১২৬ কোটি, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) স্থাপনে ১ হাজার কোটি এবং ইউটিলিটি স্থানান্তর ও পুনর্বাসনে আরও ১ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত অংশ হবে ১০ লেনের উড়ালপথ। বাকি অংশে থাকবে ছয় লেনের মূল মহাসড়ক। এর দুই পাশে স্থানীয় যানবাহনের জন্য থাকবে আলাদা দুটি লেন। দূরপাল্লার ও স্থানীয় যানবাহনের চলাচল পৃথক রাখতে নির্দিষ্ট স্থান ছাড়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ বা বের হওয়ার সুযোগ থাকবে না।

এ জন্য গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনে সাতটি সিস্টেম ইন্টারচেঞ্জ, ছোট সড়ক থেকে ওঠানামার জন্য ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ এবং স্থানীয় যানবাহন ও পথচারীদের চলাচলে ৯১টি আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। রেল চলাচলের সময় সড়কে যানবাহন আটকে থাকা এড়াতে চারটি রেলক্রসিংয়ে উড়ালপথ বা সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া বিভিন্ন স্থানে নতুন নয়টি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

টোল থেকে ২০ বছরে আয়ের পূর্বাভাস ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা

প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে বিদেশি অর্থায়নের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নির্মাণ ব্যয়ের বড় অংশ বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এর ৩০ থেকে ৪০ শতাংশ সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে। ৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা ধরে সমীক্ষায় সরকারের সম্ভাব্য অবদান ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা। প্রকল্পের জন্য ২৫ বছরের কনসেশন মেয়াদ বিবেচনায় নেওয়া হয়েছে।

এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনকে টোল দিতে হবে। এ জন্য চারটি প্রধান ও ১০০টি স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রধান টোল প্লাজার একটি নারায়ণগঞ্জের মদনপুরে, দুটি কুমিল্লার সুয়াগাজী বাজারে এবং অন্যটি চট্টগ্রামের সলিমপুরে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি প্রধান প্লাজায় ১০টি এবং স্যাটেলাইট প্লাজায় দুটি করে টোল আদায়ের গেট থাকবে। পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে আলাদা ট্রাক পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, ২০ বছরে টোল থেকে প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয় হতে পারে।

দুই দশক ধরে ঝুলে আছে প্রকল্প

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ নিয়ন্ত্রিত মহাসড়কে রূপান্তরের পরিকল্পনা নতুন নয়। ২০০৪ সালে এ পথে এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৮ সালে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার আগ্রহ দেখায়। পরে ২০১৩ সালের মার্চে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় প্রকল্পটি অনুমোদন পায় এবং পরের মাসে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন সরকারও প্রকল্পটির বিষয়ে সম্মতি দেয়।

একই বছর এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনা প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি) সমঝোতা স্মারক সই করে। তবে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের নিয়ন্ত্রণ চীনা প্রতিষ্ঠানের হাতে চলে যাওয়ার আশঙ্কাসহ বিভিন্ন আপত্তি ওঠায় ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাতিল করে দেয়।

পরে অন্তর্র্বতী সরকারের সময়ে নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রকল্পটি বাস্তবায়নে আবারও কার্যক্রম শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সওজ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বিশেষজ্ঞের পরামর্শ পুরোটা হোক উড়ালপথে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল হক মনে করেন, শুধু মহাসড়কের লেন বাড়িয়ে ঢাকা-চট্টগ্রাম করিডোরের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সরকারি বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, মহাসড়কটি ছয়, আট কিংবা ১০ লেনে সম্প্রসারণ করলেও যানজট থেকে যাবে।

সাম্প্রতিক সময়ে রক্ষণাবেক্ষণ ও বন্যার কারণে এ মহাসড়কে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট হয়েছে। এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষতির পাশাপাশি যাত্রীরা ফ্লাইট ধরতে পারেননি, রোগী পরিবহনও ব্যাহত হয়েছে।

তার মতে, শুধু লেনের সংখ্যা বাড়ানোর পরিবর্তে সড়কের গতি, সেবার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য ঢাকা-চট্টগ্রাম করিডোরে সম্পূর্ণ এলিভেটেড ও প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দেন তিনি।

পিপিপি মডেলের সুবিধা তুলে ধরে এ বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশে অবকাঠামো নির্মাণ করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে পিপিপি মডেলে সাধারণত ২৫ থেকে ৩০ বছরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি থাকে। এতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজস্ব স্বার্থেই সড়কের মান বজায় রাখা ও নিয়মিত রক্ষণাবেক্ষণে আগ্রহী থাকে।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (এক্সপ্রেসওয়ে, রিজিওনাল কানেকটিভিটি অ্যান্ড পিপিপি উইং) শিশির কান্তি রাউত বাসসকে বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

প্রকল্পের নির্মাণ কাঠামো সম্পর্কে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এর কতটুকু অংশ উড়ালপথে এবং কতটুকু ভূমিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

৭০ শতাংশ উড়ালপথ ও ৩০ শতাংশ ভূমিতে নির্মাণের একটি প্রস্তাবসহ বিভিন্ন বিকল্প নিয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। দুই থেকে তিনটি প্রস্তাবনা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সূত্র: বাসস

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর