নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্যবিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়ন, ভুক্তভোগীদের সুরক্ষা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’ প্রতিপাদ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। সহিংসতা প্রতিরোধে বিভিন্ন দেশে আইন, নীতিমালা ও কর্মসূচি গ্রহণ করা হলেও পরিস্থিতির উদ্বেগজনক পরিবর্তন হয়নি। নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্যবিলোপ আইন প্রণয়ন এবং সংস্কার জরুরি।
তিনি আরও বলেন, নারীর সুরক্ষা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষ জনবল, প্রয়োজনীয় সম্পদ, জেন্ডার সংবেদনশীলতা এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি দূর করতে হবে। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা, বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে আগামী ১৫ দিন গণমাধ্যমসহ সব অংশীজনকে প্রচারাভিযানে সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান মালেকা বানু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। তিনি বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও সহিংসতা, নির্যাতন ও বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। বরং নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। পারিবারিক ও সামাজিক পরিসরের পাশাপাশি অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা, সাইবার হয়রানি, নারীবিদ্বেষী প্রচারণা এবং ব্যক্তিগত ছবি ও বার্তার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৮০ জন মেয়ে শিশু ও ১০৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে। এ ছাড়া ১৭০ জন ধর্ষণচেষ্টা এবং ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন।
একই সময়ে বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও মেয়ে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মহিলা পরিষদের উপস্থাপিত এসব পরিসংখ্যান বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ঘটনার তথ্যের ভিত্তিতে তৈরি।
সংবাদ সম্মেলনে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে হাইকোর্টের নির্দেশনার আলোকে যৌন হয়রানি প্রতিরোধে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং ভুক্তভোগীদের জন্য আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা ও মনোসামাজিক কাউন্সেলিং নিশ্চিত করা।
এ ছাড়া জরুরি সহায়তা ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন, সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও শিশুর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। নারীর মানবাধিকার ও সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করা, ক্ষতিকর সামাজিক প্রথা বন্ধ এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিয়ের বয়স নির্ধারণে স্থানীয় পর্যায়ে নজরদারি ব্যবস্থা চালুর সুপারিশও করেছে সংগঠনটি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাডভোকেট দীপ্তি শিকদার বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সংগঠনটি প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো এবং মামলা পরিচালনায় সহায়তার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করে।
সংবাদ সম্মেলনে মডারেটরের বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক ব্যাধি। এটি শুধু নারীর ক্ষতি করে না, পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যার স্থায়ী সমাধানে পারিবারিক ও সামাজিক সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পুরুষতান্ত্রিক সংস্কৃতি ও আধিপত্যবাদের মানসিকতা থেকেই মূলত বৈষম্য ও অপরাধের জন্ম হয়। এ পরিস্থিতির পরিবর্তনে সমতার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। নারী আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা এবং ডেপুটি ডিরেক্টর (লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি) অ্যাডভোকেট রামলাল রাহা প্রমুখ।
এএইচ/এআর




