নিয়োগ প্রতারণা ও বিদেশে শোষণের শিকার অভিবাসী কর্মীদের ক্ষতিপূরণ দিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থা। তদন্ত ছাড়াই সমঝোতার মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির কারণে প্রকৃত ক্ষতির তুলনায় সামান্য অর্থ পাচ্ছেন কর্মীরা। এতে প্রতিকার চেয়েও ঋণের বোঝা ও আর্থিক ক্ষতি থেকে মুক্তি মিলছে না অনেকের।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর এক গবেষণায় দেখা গেছে, সালিশের মাধ্যমে পুরুষ কর্মীরা তাদের মোট অভিবাসন ব্যয়ের মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীরা ১২ শতাংশ অর্থ ফেরত পাচ্ছেন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাস্টিস বাই প্রসিডিউর? হোয়াই মাইগ্র্যান্ট ওয়ার্কার্স নিড বাইন্ডিং জাস্টিস, নট মিডিয়েশন শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক।
অভিযোগের অর্ধেকের বেশি নিষ্পত্তির অপেক্ষায়
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিএমইটির সালিশি ব্যবস্থায় দায়ের করা ৮৫টি অভিযোগ পর্যালোচনা করে গবেষণাটি পরিচালনা করা হয়। অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী কর্মী। তাদের প্রায় ৮৬ শতাংশ বৈধ পথে সৌদি আরবে গিয়েছিলেন।
গবেষণায় দেখা গেছে, ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গবেষণার সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে ২৮টি অভিযোগ। বাকি পাঁচটি অভিযোগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

নিয়ম অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যে শুনানির আয়োজন করার কথা থাকলেও ৪৪ শতাংশ অভিযোগের কার্যক্রম শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। এমনকি ২৯ শতাংশ অভিযোগকারীকে শুনানির জন্য ডাকাই হয়নি।
তদন্ত ছাড়াই চলছে সালিশি কার্যক্রম
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যালোচনা করা ৮৫টি অভিযোগের কোনোটিতেই পৃথকভাবে নথিভুক্ত তদন্তের প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, অভিযোগের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের পরিবর্তে শুনানি ও সমঝোতার ওপরই বেশি নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যবস্থা।
গবেষকদের মতে, আনুষ্ঠানিক তদন্ত না থাকায় রিক্রুটিং এজেন্সি দায় অস্বীকার করলে কিংবা অনানুষ্ঠানিক সাব-এজেন্ট ও দালালদের সংশ্লিষ্টতা থাকলে দায় নির্ধারণ কঠিন হয়ে পড়ে। কর্মীদের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকলেও অভিযোগ প্রমাণে জটিলতা তৈরি হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং অভিযোগের অগ্রগতি জানতে বারবার দপ্তরে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় কর্মীদের। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ জমা দেওয়ার প্রাপ্তিস্বীকারপত্র থাকার পরও সরকারি নথি থেকে আবেদন হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নতুন করে আবেদন জমা দিতে হয়েছে ভুক্তভোগীদের।
গবেষণার ফলাফল উপস্থাপনকালে ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম প্রশ্ন তোলেন, বিদ্যমান সালিশি ব্যবস্থা নিয়োগসংক্রান্ত প্রতারণা ও শোষণের বিরুদ্ধে ন্যায়বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে পারছে কি না।
তিনি বলেন, বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আইনগতভাবে বাধ্যতামূলক সমাধান দেওয়ার পরিবর্তে অভিবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সির মধ্যে সমঝোতা করতেই বেশি ভূমিকা রাখছে।
শাকিরুল ইসলাম বলেন, দর-কষাকষির ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর অবস্থান শক্তিশালী। অন্যদিকে ক্ষতিপূরণ প্রত্যাশী কর্মীরা আর্থিকভাবে দুর্বল এবং তাদের অনেকেই প্রত্যন্ত এলাকার বাসিন্দা। কোনো জরিমানা বা শাস্তির মুখোমুখি না হয়েই এজেন্সিগুলো শুনানিতে অনুপস্থিত থাকতে পারে। ফলে কর্মীরা নিয়োগ ব্যয়, বকেয়া বেতন, ঋণ ও অন্যান্য আর্থিক ক্ষতির তুলনায় অনেক কম ক্ষতিপূরণ মেনে নিতে বাধ্য হন।
ক্ষতিপূরণ ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে
গবেষণায় দেখা গেছে, নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের অর্ধেক ক্ষেত্রে অভিযোগকারীরা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। ক্ষতিপূরণ পাওয়া অধিকাংশ নারী কর্মী পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। তবে একজন নারী কর্মীর ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সমঝোতা হয়েছে।

গবেষণা অনুযায়ী, বিদেশে যেতে পুরুষ অভিবাসী কর্মীদের গড়ে ৪ লাখ ৫৮ হাজার টাকা খরচ হয়েছে। অন্যদিকে নারী কর্মীদের গড় অভিবাসন ব্যয় ৩১ হাজার ৯০০ টাকা। কিন্তু মধ্যস্থতার মাধ্যমে পাওয়া ক্ষতিপূরণ পুরুষ কর্মীদের অভিবাসন ব্যয়ের মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীদের ক্ষেত্রে ১২ শতাংশ পূরণ করতে পেরেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষতিপূরণের পরিমাণ অনেকাংশে রিক্রুটিং এজেন্সির আলোচনার সদিচ্ছার ওপর নির্ভর করে। মধ্যস্থতার সময় চাপ প্রয়োগ, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেছেন কয়েকজন কর্মী। অপর্যাপ্ত মনে হলেও অনেকে বাধ্য হয়ে ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছেন।
নিয়োগ প্রতারণার শিকার ৭৮ শতাংশ কর্মী
অভিবাসনের পুরো প্রক্রিয়ায় প্রতারণা ও শোষণের চিত্রও উঠে এসেছে গবেষণায়। এতে দেখা গেছে, ৯১ শতাংশ অভিযোগকারী দেশ ছাড়ার আগে আইনগতভাবে বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তিপত্র পাননি। গন্তব্য দেশে পৌঁছানোর পরও ৭২ শতাংশ কর্মী কোনো লিখিত চুক্তি পাননি।
পুরুষ কর্মীদের মধ্যে ৬২ শতাংশ জানিয়েছেন, প্রতিশ্রুত কাজ, ভিসায় উল্লেখ করা পেশা এবং বাস্তবে দেওয়া কাজের মধ্যে বড় ধরনের অমিল ছিল। ৩২ শতাংশ কর্মী ওয়ার্ক পারমিটও পাননি।
সামগ্রিকভাবে ৭৮ শতাংশ কর্মী কাজের ক্ষেত্রে প্রতারণা, ৬৮ শতাংশ বেতনসংক্রান্ত প্রতারণা এবং ৪২ শতাংশ বিভিন্ন ধরনের শোষণের অভিযোগ করেছেন।
নারী গৃহকর্মীদের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। গবেষণায় অংশ নেওয়া নারী কর্মীদের শতভাগ মজুরি শোষণের শিকার হয়েছেন। এ ছাড়া ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
ছয় মাসের মধ্যে দেশে ফিরেছেন ৪০ শতাংশ কর্মী
গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশ অভিযোগকারী প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অভিবাসনের ছয় মাসের মধ্যে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এতে তাদের অনেকেই বড় ধরনের আর্থিক ক্ষতি ও ঋণের বোঝায় পড়েছেন।
বিশেষ করে নারী কর্মীরা দেশে ফেরার পর পরিবার থেকে প্রত্যাখ্যান এবং সামাজিক অপবাদের শিকার হওয়ার কথাও জানিয়েছেন।
ওকাপের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-তে নিয়োগ প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে ফৌজদারি শাস্তিসহ প্রতিকারের আইনি সুযোগ রয়েছে। কিন্তু প্রশাসনিক অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ক্রমেই তদন্ত ও জবাবদিহিতার পরিবর্তে মধ্যস্থতা ও সমঝোতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, অভিযোগ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা, ক্ষতিপূরণের জন্য কাঠামোগত নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের সিমস-২ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর প্রেমাংশু শেখর সরকার, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, আইএলও ঢাকা অফিসের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান এবং কারিতাস ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাডভাইজর এরিফা সুলতানা। পর্বটি সঞ্চালনা করেন ওকাপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এ মামুন।
দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ছিল ন্যায়বিচারে প্রবেশাধিকার জোরদারকরণ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা, আইওএম বাংলাদেশের হেড অব প্রোটেকশন সাদিয়া আলীম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান।
এমআইকে/এআর




