বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

লুকিয়ে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

লুকিয়ে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক দলটি বুঝে হোক বা না বুঝে, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। একসময় যারা সামাজিকভাবে অঘোষিতভাবে সমঝোতার অবস্থানে এসেছিলেন, তাদেরও এখন বিপদের মুখোমুখি করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।

এ সময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তার জানা নেই। সাংবাদিকের কাছ থেকেই তিনি প্রথম এ বিষয়ে শুনেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাওয়া হয়েছে।

তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তিতে দণ্ডপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্ত নন, এমন আসামিদের ফেরত দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানানো হলে এ প্রক্রিয়ায় আসামি ফেরত দেওয়া হয়। এটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও অন্য দেশ থেকে আসামি ফেরত আনে এবং অন্যান্য দেশকেও আসামি ফেরত দেয়।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক দলটি যেন তাদের উত্তেজিত না করে। দেশের জনগণ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীরা বিষয়টি বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিতভাবে বৈঠকে বসার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা সাক্ষাতের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর