বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতির কারণে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে সৃষ্ট ঝুঁকি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্যে দেশের বিমানবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় অস্ত্র কেনা এবং জনবল সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশের প্রথম সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রী।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বার্ড হিটের ঘটনাগুলো পর্যালোচনা করে বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন।
বিমানবন্দরে পাখির ঝুঁকি মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। এ জন্য দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
এ সময় বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং দীর্ঘদিনের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের বিষয়েও ব্যবস্থা নিতে বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বিমান চলাচলের জন্য নিরাপদ এলাকা বা সেফ ফ্লাই জোন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের সমন্বয়হীনতা যেন নিরাপত্তাব্যবস্থাকে বাধাগ্রস্ত না করে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বন্যপ্রাণীজনিত ঝুঁকি মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশনাও দেন মন্ত্রী।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এমআইকে/এআর




