দেশের ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে চুক্তি করেছে ভূমি মন্ত্রণালয়। সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় ভূমির হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে ভূমিসেবায় তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং নাগরিকদের হয়রানি ছাড়াই সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ইউএনডিপির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, দেশের ৬১ জেলার ভূমির বিদ্যমান রেকর্ড ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। হোল্ডিং ও খতিয়ানের তথ্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা অনলাইনে ভূমির তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমিসেবা নিতে ভূমি অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা করছে মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে এর আগে পরীক্ষামূলকভাবে ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়। ২০২৫ সালে প্রাক্-পাইলট কার্যক্রমের মাধ্যমে এ উদ্যোগের যাত্রা শুরু হয়। পরে আটটি পাইলট জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় এক কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটালাইজ করা হয়েছে। নতুন চুক্তির আওতায় বাকি জেলাগুলোতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এ পর্যায়ে বিদ্যমান রেকর্ডের তথ্য যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তথ্যের অসংগতি চিহ্নিত করে সংশোধনের পরিকল্পনা রয়েছে। ভূমির মালিকানাসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ করা গেলে রেকর্ড জালিয়াতি, অনিয়ম এবং ভূমি নিয়ে বিরোধ কমাতে সহায়ক হবে বলে মনে করছে মন্ত্রণালয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও জটিলতা ছিল। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকা এবং দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আধুনিক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সঙ্গে সরকারের এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, নির্ভুল ডিজিটাল রেকর্ড টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এ উদ্যোগ ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটতে পারে বলে প্রধানমন্ত্রী মনে করেন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ সেবার সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এতে ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়েও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো, শুধু সেটি দিয়ে এ উদ্যোগের সাফল্য পরিমাপ করা যাবে না। নাগরিকেরা ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই গুরুত্বপূর্ণ। ভূমির অধিকার সুরক্ষা এবং কেউ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে ইউএনডিপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান। প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক।
নতুন এ কার্যক্রমে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিসেবা প্রাপ্তি সহজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ডিজিটাল রেকর্ডের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্য যাচাই এবং বিদ্যমান নথির সঙ্গে রেকর্ডের সামঞ্জস্য নিশ্চিত করা হবে প্রধান চ্যালেঞ্জ। কারণ, ভুল বা অসংগত তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হলে ভূমির মালিকানা নিয়ে বিরোধ নিরসনের পরিবর্তে নতুন জটিলতা তৈরির আশঙ্কা থাকবে।
এএইচ/এসআই




