স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আগামীতে আরও সুদৃঢ় হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।
এর আগে সচিবালয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আওয়ামী লীগকে ৫ আগস্ট পরাজিত করেছি। এখন আমাদের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি। সংস্কার করার কথা বলেছি। জুলাইয়ের ভিক্টিমরা যেন ন্যায় বিচার পায়, সেই কথা বলেছি। সংস্কার ও জুলাই একই। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমরা চাই আলোচনা জারি থাকুক।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন গণহত্যাকারী ছিলেন। তার যথাযথ বিচার করতে হবে। ওসমানী হাদি হত্যার বিচার করতে হবে। ভারতে থাকা আসামিদের বাংলাদেশে নিয়ে এসে বিচার করতে হবে।
তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়া দেখায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। তবে প্রকৃতপক্ষে ভারতে সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি হয়, সেগুলো নিয়ে তেমন কথা হয় না। এইসব বিষয়ে আওয়াজ তুলতে হবে। আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আওয়ামী লীগ হিন্দুদের বাড়ি-ঘর, জমি দখল করেছে।
বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন প্রমুখ।
এসএইচ/এফএ




