যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও গণসড়কবিষয়ক কমিটিতে এ প্রস্তাব উত্থাপন করা হয়। এতে শহরের বিখ্যাত উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নামকরণের কথা বলা হয়েছে। প্রস্তাবিত অংশটি ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত বিস্তৃত।
প্রস্তাবনায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের বিশিষ্ট রাষ্ট্রনায়ক ও প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কয়েক দশক ধরে জনসেবায় নিয়োজিত থাকার পাশাপাশি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান ও জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তার অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের জননী’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।
নারী শিক্ষার প্রসারেও তার অবদানের কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধিতে তার ভূমিকার কথাও উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি
‘বেতনের টাকা এতিমখানায় দিয়ে দিতেন খালেদা জিয়া’
প্রস্তাবনায় আরও বলা হয়, নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি নিষ্ঠা, শিক্ষা ও জনসেবায় বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে ছেলে ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নামও উল্লেখ করা হয়েছে।
সড়কটির নামকরণের স্থান নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত অংশটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের কাছে অবস্থিত। একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ভবনটি শহরের স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। ভবনটির নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের কথাও প্রস্তাবনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
এতে বলা হয়, আধুনিক কাঠামোগত প্রকৌশলে ফজলুর রহমান খানের উদ্ভাবন শিকাগোর স্থাপত্য ও আকাশসীমা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার অবদান বাংলাদেশ, বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায় ও শিকাগোর মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক।
প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মারা যান। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা ও দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন। তার নামে সড়কের সম্মানসূচক নামকরণ গণতন্ত্র, শিক্ষা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারা অনুযায়ী, সড়কের সম্মানসূচক নামকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শহরের পরিবহন কমিশনারকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে।
তবে নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। শিকাগো সিটি কাউন্সিলে প্রস্তাবটি অনুমোদন ও আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই তা কার্যকর হবে।
জেবি




