রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোটার স্থানান্তরের ঝুলে থাকা আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

ভোটার স্থানান্তরের ঝুলে থাকা আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

ভোটার স্থানান্তরের ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এসময় নতুন কোনো আবেদন গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা জানান, ভোটার স্থানান্তরের অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পত্তি করতে ইতোমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সার্ভারের প্রয়োজনীয় একসেসও দেওয়া হয়েছে।

মাঠ পর্যায়ে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভোটার স্থানান্তরের অনিষ্পন্ন আবেদনগুলো আগামী ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ সময়ের  মধ্যে নতুন কোনো আবেদন গ্রহণ করা যাবে না।

জানা যায়, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে, শেষ হবে ২৭ মে। এ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করার সময় দেওয়া হয়েছিল। 

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জানুয়ারি মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৪৯ জন, ফেব্রুয়ারি মাসে ৩৫ জন এবং মার্চ মাসে ৫ হাজার ৬১০ জন। এপ্রিল মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৬৯ হাজার ৯৯৮ জন, মে মাসে ৫১ হাজার ৫৫৭ জন, জুন মাসে ৬৪ হাজার ৯১১ জন। জুলাই মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ১ লাখ ২৮ হাজার ৯০০ জন, আগস্ট মাসে ১ লাখ ২৮ হাজার ৬৯১ জন, সেপ্টেম্বরে ১ লাখ ২৪ হাজার ২৪১ জন, অক্টোবরে ১ লাখ ১১ হাজার ৩৯০ জন এবং নভেম্বরে ১ তারিখ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৯৮৭ জন।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী 

প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর