দেশে মৎস্যসম্পদের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে উৎপাদন ও রফতানি বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে ‘বিশ্ব মৎস্য দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রফতানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রফতানি আয় ছিল উল্লেখযোগ্য। সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে কেন প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, তা পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার কারণে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানে শিল্প কারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পানির প্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়ন সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতাও কাজে লাগানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রফতানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।
কর্মশালায় মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ/এফএ




