রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

শেয়ার করুন:

এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে এসএমই খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় দেশের ৩৮০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

PM-tarek-3

অনুষ্ঠানে আট শ্রেণিতে আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি স্টার্টআপ, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগও এ পুরস্কার পাবে।

সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি দিতে হবে না।

মেলায় দেশীয় উদ্যোক্তাদের তৈরি জুতা, চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী ও গয়না পাওয়া যাবে। ফ্যাশন ডিজাইন ও পোশাক খাতের ৯৮টি, জুতা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি এবং হস্ত ও কারুশিল্পের ৩৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এ ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ৩০টি এবং হালকা প্রকৌশল পণ্যের ১৬টি প্রতিষ্ঠানও থাকবে।

সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ, এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। মেলায় বিদেশি বা আমদানি করা পণ্যের প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর