রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

শেয়ার করুন:

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে আট শ্রেণিতে আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি স্টার্টআপ, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগও এ পুরস্কার পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি।

সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি দিতে হবে না। এতে সারা দেশের প্রায় ৩৮০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নেবে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী।

মেলায় দেশীয় উদ্যোক্তাদের তৈরি জুতা, চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী ও গয়না পাওয়া যাবে। ফ্যাশন ডিজাইন ও পোশাক খাতের ৯৮টি, জুতা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি এবং হস্ত ও কারুশিল্পের ৩৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এ ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ৩০টি এবং হালকা প্রকৌশল পণ্যের ১৬টি প্রতিষ্ঠানও থাকবে।

সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ, এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। মেলায় বিদেশি বা আমদানি করা পণ্যের প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর